Sylhet Today 24 PRINT

বৈরি প্রকৃতি, শহীদ মিনারে তবুও মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৭

সন্ধ্যা থেকেই মুষলধারে বৃষ্টি। বসন্তের হঠাৎ বৃষ্টি নাগরিক জীবনে দুর্ভোগ বয়ে এনেছে। নগরীর অনেক সড়কে জমেছে পানি। এমন বৈরি আবহাওয়া উপেক্ষা করেই সেমাবার রাত ১২ টার আগে থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে মানুষের। একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ।

মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে শুরু হয় পুষ্পস্তবক অর্পন। কিছুক্ষণ বিরতি দিয়ে রাত সাড়ে বারোটার দিকে ফের বৃষ্টি নামে। তবু বিঘ্ন ঘটেনি শ্রদ্ধার্ঘ নিবেদনে। বৃষ্টিতে ভিজেই স্মৃতির মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করে নানা সংগঠন।

১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন সূর্যসন্তান সালাম, বরকত, রফিক, জববারসহ নাম না জানা অনেকেই।

ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনটি শ্রদ্ধা-স্মরণের মাধ্যমে শুরু হয় রাত ১২টা ১ মিনিটে সিলেট শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে।

এরপর একে একে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে সিলেট মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, ছাত্রলীগ, উদীচী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদ, চেম্বার অব কমার্স, জাসদ, বাসদ, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইমজাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

এর আগে সোমবার সন্ধ্যায় থেকেই শুরু হয় একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানমালা। তবে বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয় এ অনুষ্ঠান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.