Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা পরিচয়ে ভূমি দখলের অভিযোগে একজন গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২১ ফেব্রুয়ারী, ২০১৭

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা পরিচয়ে ভূমি দখলের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ভোররাতে সুনামগঞ্জ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুহেল সুনামগঞ্জ সদর উপজেলার বাঘমারা গ্রামের আক্তারুজ্জামানের পুত্র।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রুহেল নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয়ে এলাকায় ভূমিদস্যুতা চাদাঁবাজিসহ নানা অপরাধ-অপকর্ম চালিয়ে আসছিল। গত ৬ ফেব্রুয়ারি রুহেল তার সহযোগীদের নিয়ে প্রয়াত সাবেক খাদ্যমন্ত্রী মেজর (অব:) ইকবালের ভূমি জবরদখল করে নেয়। এ ঘটনায় মেজর ইকবালের কেয়ারটেকার মোঃ কাসেম আলী বাদী হয়ে সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ছাত্রলীগ নেতা রুহেলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করা হয়। মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের ভার দেয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমিনুল ইসলাম রাতেই একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে রুহেলকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত রুহেলকে গোয়েন্দা শাখায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আদালতে হাজির করে তার রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই আমিনুল ইসলাম মামলা ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.