Sylhet Today 24 PRINT

জলমগ্ন শহীদ মিনার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২১ ফেব্রুয়ারী, ২০১৭

সোমবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে সুনামগঞ্জ শহীদ মিনার চত্বরে দেখা দেয় জলাবদ্ধতা। বৃষ্টির পানিতে তলিয়ে যায় শহীদ মিনারের বেদী। ফলে মঙ্গলবার একুশের ভোরে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদনে এসে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।

সুনামগঞ্জের সংস্কৃতিকর্মী রাজীব হাওর২৪ কে বলেন, সকালে প্রভাতফেরি করে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে দেখি হাটুজল। ফুল হাতে প্রভাতফেরিতে আসা অনেকে জল দেখে ভড়কে যায়। দ্রুত শাবল এনে দেয়াল ফুটো করে পানি বেরিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা।

সুনামগঞ্জ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রইসুজ্জামান বলেন, সকালে ফুল দিতে এসে দেখি শহীদ মিনার বেদির চারদিকে পানি। দ্রুত আমরা পানি অপসারণে নামি। পানি সরে যাওয়ায় জনতা শহীদ বেদিতে তাদের শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন।

অযত্ন আর অবহেলার কালনেই শহীদ মিনার এমন জলমগ্ন হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের।

সুনামগঞ্জ জেলা সিপিবির সভাপতি শিক্ষাবিদ চিত্তরঞ্জন তালুকদার বলেন, চারদিকে সরকারি জায়গা থাকলেও সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার সম্প্রসারণ না করে একটি মহল অন্যত্র সরানোর ষড়যন্ত্র করছে। তাই কৌশলে শহীদ মিনারকে অবহেলায় রেখে সংস্কার না করে পরিত্যাক্ত দেখিয়ে দখলের ষড়যন্ত্র চলছে।

শ্রদ্ধা জানাতে আসা মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতি এমন অবহেলাই প্রমাণ করে এটাকে নিয়ে কেমন ষড়যন্ত্র চলছে। তিনি সবাইকে আবেগ ভালোবাসা ও শ্রদ্ধার এই শহীদ মিনার সংস্কার ও সম্প্রসারনে এগিয়ে আসার আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.