বড়লেখা প্রতিনিধি | ২১ ফেব্রুয়ারী, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের (প্রতিবন্ধী) মাঝে হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র, ক্র্যাচ বিতরণ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর পিইডিপি ৩ থেকে বরাদ্দকৃত এ উপকরণ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১২ জন প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী’র (প্রতিবন্ধী) হাতে তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস। এতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের (প্রতিবন্ধী) মাঝে হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র, ক্র্যাচ বিতরণ ছাড়াও অনুষ্ঠানে আন্তঃ প্রাথমিক ক্রীড়া, সাংস্কৃতিক ও জাতীয় শিশু প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন হুইপ শাহাব উদ্দিন এমপি।