Sylhet Today 24 PRINT

মুক্তিরচক প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনারের আশ্বাস

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৭

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট শহরতলীর মুক্তিরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানের। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজন করে রোটারি ক্লাব অব রিগ্যাল সিটি। মুল অনুষ্ঠান শুরুর আগে অতিথিরা ঘুরে দেখেন পুরো বিদ্যালয়। এ সময় বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের দেখা যায় অস্থায়ী শহীদ মিনারে ফুল দিতে। ককশিট দিয়ে বানানো শহীদ মিনার। কিছু ফুল রাখা ছিল একটি টেবিলের উপর। আর সেটি দেখে বিদ্যালয়ে আগত অতিথিদের মনে দাগ কাটে।

দুপুর সাড়ে ১২ টায় শুরু হয় আলোচনা সভা। স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে দাবি ওঠে শহীদ মিনার বাস্তবায়নের। আর সেই দাবি পূরণের আশ্বাস দিলেন প্রধান অতিথি। বিদ্যালয়ের ঝিঙেফুল কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের কাঠামো দেখে প্রত্যেক বক্তাই দাবি তুলেন শহীদ মিনারের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষিকা লক্ষ্মী রাণী, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, ইউপি মেম্বার দেলওয়ার হোসেন, রোটারিয়ান সাইফুর রহমান খোকন। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক অ্যাডভোকেট হোসাইন আহমদ শিপন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিমের সভাপতিতে ও রোটারি ক্লাব অব রিগ্যাল সিটির সভাপতি আব্দুল আহাদ সুমনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রোটারিয়ান কয়েছ আহমদ সুমন, বজলুর রহমান ফয়েজ, ফখর উদ্দিন আহমদ, জাহাঙ্গীর হোসেন মান্না, মুক্তির চক ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাজু মিয়া।
উপস্থিত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান আফসর আহমদ বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণের জন্য এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। তিনি এই ঘোষণা দেওয়া মাত্রই পুরো হল আনন্দে মেতে ওঠে। বক্তব্যে তিনি আগামী এক মাসের মধ্যে অনুদান দেওয়ার আশ্বাসও দেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা, সুলতানা, লোপা, নাহিদ তানজিনা জানায়, তারা স্কুল ড্রেস পেয়ে যেমন খুশী হয়েছে-তারচেয়ে বেশী খুশী হয়েছে বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করার ঘোষণা শুনে। তারা জানায়, গত বছরও তারা অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। স্বাধীনতা দিবসের আগে শহীদ মিনার নির্মাণ করার দাবি জানায় তারা। তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষ্মী রাণীও।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.