Sylhet Today 24 PRINT

কলেজ মাঠ দখল করে আ. লীগ নেতার মেয়ের বিয়ের আয়োজন!

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০১৫

মৌলভীবাজারের রাজনগর ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছে । গত ৪/৫দিন ধরে সেখানে চলছে দুটি বিশাল আকারের প্যান্ডেলের কাজ। শ বিয়ের অনূষ্ঠান হবে। কলেজ মাঠে রাজকীয় এ আয়োজন নিয়ে এলাকায় বেশ আলোচনার ঝড় উঠেছে।

জানা যায়, স্থানীয় কমিউনিটি সেন্টারে অতিথিদের জায়গা হবে না তাই রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আছকির খান এ আয়োজন করেছেন।

 কলেজ প্রাঙ্গনের মাঠে প্রবেশ পথের দুই পাশে বড় দুটি প্যান্ডেলের কাজ চলছে গত কয়েক দিন ধরে। বাঁশ ,টিন ও ত্রিপলের কাজ শেষ করে অন্য কাজে ব্যস্ত বেশ কিছু শ্রমিক।

প্যান্ডেল নির্মাতা রাজনগর ডেকোরেটার্স এর ব্যবস্থাপক জানান, এক সাথে এক হাজার মানুষের উপরে   যাতে খেতে পারেন । সেই ভাবে প্যান্ডেল দুটি তৈরী করা হয়েছে। মৌলভীবাজার শহর থেকে বাবুর্চি এসে রান্না করবেন।

নাম প্রকাশ না করার শর্তে এক কলেজ ছাত্রের অভিভাবক বলেন, বর্তমানে কলেজে শুরু হয়েছে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা। এছাড়া কলেজটি চলতি এইচএসসি পরীক্ষার কেন্দ্র। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বিয়ের আয়োজন শোভনীয় বিষয় নয়। জনপ্রতিনিধি ও জননেতাদের কাছ থেকে মানুষ দ্বায়িত্বশীল আচরন  আশা করে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যন আছকির খানের ছেলে আছাদুজ্জামান খান রাসেল জানান, রাজনগর উপজেলায় দুটি কমিউনিটি সেন্টার আছে। একটিকে এক সঙ্গে ৩০০/৩৫০ মানুষকে আপ্যায়ন করা সম্ভব হয়। আমাদের অনুষ্ঠানে পাঁচ হাজার অতিথিকে দাওয়াত করা হয়েছে। এতো মানুষকে আপ্যায়ন করানো কমিউনিটি সেন্টারে জায়গা হবে না । তাই কলেজ কতৃপক্ষের অনুমতি নিয়ে কলেজ মাঠে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। তবে মাঠে প্রচুর কাঁদা রয়েছে। আমরা বালু দিয়ে মাঠ ভরাট করে দেবার শর্তে এই জায়গা পেয়েছি। মাঠ সংস্কারের কাজ করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন জানান, উপজেলা চেয়ারম্যান অনুষ্ঠানের জন্য কলেজের মাঠ ব্যবহার করতে চেয়েছেন । এইচএসসি পরীক্ষার কারনে এখন ক্লাস বন্ধ। আর যে দিন পরীক্ষা নেই সেই দিন অনুষ্ঠান হবে। কলেজ কমিটির সভাপতির সাথে আলোচনা করে কলেজ মাঠে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়া হয়েছে।

এ বিষয়ে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার বলেন এ ব্যাপারে তিনি কিছু জানেন না । কলেজ কতৃপক্ষ অনুমতি দিলে অনুষ্ঠান হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.