Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ভাষা শহীদদের উৎসর্গ করে পত্রিকা প্রকাশ

হবিগঞ্জ প্রতিনিধি |  ২২ ফেব্রুয়ারী, ২০১৭

বায়ান্নর ভাষা আন্দোলনের আত্মত্যাগী সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে 'তারুণ্য বার্তা' নামক পত্রিকার ২য় সংখ্যা প্রকাশ করেছে তারুণ্য সোসাইটি হবিগঞ্জ।

মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনার প্রাঙ্গণে পত্রিকার মোড়ক উন্মোচন করেন তারুণ্য সোসাইটির প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মিজান।

ভাষা আন্দোলনকে নিয়ে পেশাদারী কোনো কবি বা সাহিতিক নয়, বর্তমান সময়ের একঝাঁক তরুণ তরুণীর মনের ভাব ব্যক্ত করা হয়েছে এই পত্রিকায়। পত্রিকার বিভিন্ন কলামে উঠে এসেছে ভাষা আন্দোলন, শহীদ মিনার, বাংলা ভাষা নিয়ে বিভিন্ন প্রবন্ধ ও কবিতা।

'বায়ান্নতে উত্তাল বানিয়াচং' শীর্ষক একটি লেখাতে নাহিদা খান সুর্মি তার দাদাভাই, হবিগঞ্জের দুই সহোদর ভাষা সৈনিক এড. সদাকত আলী খান ও এড. শওকত আলী খানের কাছ থেকে ঐ সময়কালীন কার্যক্রম নিয়ে শোনা গল্প থেকে  লিখেছেন চমৎকার ভাবে। তার লিখা পড়ে জানা যায়, উপজেলাগুলোতেও ভাষা আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছিল।

এছাড়াও বর্তমান সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ২১শে ফেব্রুয়ারি ছাড়া কিভাবে শহীদ মিনারকে অবহেলা করা হয় এবং বাংলা ভাষার ব্যবহার নিয়ে সমসাময়িক কিছু গল্প, কবিতা আছে এই পত্রিকায়।

এর আগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন তারুণ্য সোসাইটির তত্ত্বাবধায়ক শেখ ওসমান গনী রুমী, সাধারণ সম্পাদক আবিদুর রহমান রাকিব, সিনিয়র সদস্য মনসুর আহমেদ সহ তারুণ্য সোসাইটির এক ঝাঁক তরুণ তরুণী।   

তারুণ্য সোসাইটির প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মিজান বলেন, বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা। এই ভাষা রক্ষা করতে বায়ান্নতে যারা শহীদ হয়েছেন তাদের ইতিহাস সঠিক ভাবে সংরক্ষণ রাখতেই আমাদের এই পদক্ষেপ। আমরা গত বছর ২১শে ফেব্রুয়ারিতে তারুণ্য বার্তার ১ম সংখ্যা প্রকাশ করেছি।

তিনি আরো বলেন, ফুল দিয়ে আমরা শ্রদ্ধা জানাই। বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালাও করে অনেক সরকারি বেসরকারি সংগঠন। এই কাজগুলোর মাধ্যমে সাময়িকভাবে ইতিহাসকে জানানো হয়। কিন্তু একটি পত্রিকার লিখা থাকে আজীবন। এই পত্রিকা বা বিভিন্ন প্রকাশনার মাধ্যমেই আগামী প্রজন্ম ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে পারবে।

তারুণ্য বার্তা ২য় সংখ্যা সম্পাদনা করেন আবিদুর রহমান রাকিব ও যুগ্ম সম্পাদনা করেন সায়েম চৌধুরী।  


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.