বানিয়াচং প্রতিনিধি | ২২ ফেব্রুয়ারী, ২০১৭
বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়েছে। দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুরু হয় দিনভর কর্মসূচি।
উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরি, নীরবতা পালন, আলোচনা সভা, শুদ্ধ বাংলা বানান, চিত্রাঙ্কন, কবিতা পাঠের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পরই সভাপতি আমির হুসেন মাস্টার ও সেক্রেটারি ইকবাল হুসেন খানের নেতৃত্বে শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় নেতা ডা. সাখাওয়াত হাসান জীবনের নেতৃত্বে বিএনপি নেতারা। এরপরই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
বিকালে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার শৈলেন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, আওয়ামী লীগ সভাপতি আমির হুসেন মাস্টার।
এতে বক্তব্য দেন এসিল্যান্ড নুরে আলম, ওসি মোজাম্মেল হুসেন, কৃষি কর্মকর্তা মোস্তাফা ইকবাল আজাদ, কাওছার শোকরানা, শিক্ষক ভানু চন্দ্র চন্দ, মোজাম্মেল হুসেন খান, আবদুল কাইয়ূম, খুর্শেদ আলম প্রমুখ।
এ সময় স্কুল শিক্ষক খুর্শেদ আলমের লেখা ‘অগ্নিদগ্ধ হৃদয়’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।