Sylhet Today 24 PRINT

মাধবপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

মাধবপুর প্রতিনিধি |  ২২ ফেব্রুয়ারী, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীদের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার ঘটনায় বাংলাদেশ ও ভারতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকল সাড়ে ১০টায় উপজেলার সীমান্তবর্তী শাহজালালপুর এলাকার ১৯৮৮ মেইন পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপি ওই বৈঠকে বিজিবি ও বিএসএফের উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে ৫৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ও ভারতের ৪৮ ব্যাটালিয়নের কমান্ডেট বিক্রম সিংহের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

এ বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে সীমান্তে নজরদারী বৃদ্ধি, নিয়মিত টহল ও দু'দেশের সৈনিকদের মধ্যে যোগাযোগ রক্ষার বিষয়টি গুরুত্ব পায়।

সূত্র জানায়, বাংলাদেশের চৌমুহনী ইউনিয়নের শাহজালালপুর এলাকার কাছে ভারতের সীধায় এলাকার ১৯৮৮ পিলারের সামনে একটি বিএসএফের ক্যাম্প ও মন্দির রয়েছে। ক্যাম্প ও মন্দিরটি অরক্ষিত দাবি করে বিএসএফ সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে কয়েক বছর ধরে।

এ ঘটনায় বিজিবি সদস্যরা বাধা ও প্রতিবাদ জানিয়ে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.