Sylhet Today 24 PRINT

২০১৮ সালের পর দেশে গ্যাসের সমস্যা থাকবে না : সিলেটে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৭

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্যাস আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। ২০১৮ সালের পর দেশে কোনো গ্যাস সঙ্কট থাকবে না। তখন শিল্পে গ্যাস সংযোগ প্রদান করা হবে। এতে শিল্পখাতও প্রসারিত হবে।

বুধবার সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।

সিলেট চেম্বারের প্রশংসা করে তিনি বলেন, এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য প্রসারে এই সংগঠন যথেষ্ট কাজ করছে। তবে সিলেটে যথেষ্ট শিল্পায়ন হয়নি, এটা আমাদের একটি বড় দূর্বলতা।
অর্থমন্ত্রী বলেন, আমাদের চিন্তা ভালো, উদ্যোগ ভালো; কিন্তু বাস্তবায়নে আমরা ভালো নই। বাস্তবায়নের ব্যাপারে আমাদের আরো মনোযোগী হতে হবে।

তিনি বলেন, সিলেটের মানবসম্পদ খুবই উন্নত। সারাবিশ্বেই এর প্রমাণ পাওয়া যাবে। এই মানবসম্পদকে কাজে লাগাতে হবে।

আইটি খাতে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এইখাতে আমাদের বিশেষ নজর দিতে হবে। আইটি খাতের জন্য দক্ষ মানবসম্পদও গড়ে তোলা প্রয়োজন।

নগরীর আরামবাগস্থ আমানউল্লাহ কনভেনশন সেন্টারে বুধবার দুপুর থেকে সিলেট চেম্বার চেম্বারের দুদিনব্যাপী ৫০ বছর পূর্তি অনুষ্ঠান শুরু হয়। বৃহস্পতিবার এ অনুষ্ঠান শেষ হবে।

উদ্বোধনী পর্বে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাউদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক প্রতিনিধি ড. একে আবুল মোমেন, সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস, ইয়াহহিয়া চৌধুরী এহিয়া, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদার, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, রুপালি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমেদ আল কবির, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, গ্রীণ ডেল্টা লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান নাসির এ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক খন্দকার শিপার  আহমদ। এছাড়া সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ব্যবসায়ী নেতারা গ্যাসসঙ্কট, আমলাতান্ত্রিক জটিলতার কারণে শিল্পের প্রসার হচ্ছে না বলে দাবি করেন।

হাফিজ আহমদ মজুমদার বলেন, আমি নিজের নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দুই বছর আগে পরিবেশ মন্ত্রনালয়ে আবেদন করেছিলাম। কিন্তু এখনো ছাড়পত্র পাইনি। ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি ব্যবসায় বিনিয়োগ করেছি। কিন্তু পরিবেশের ছাড়পত্র না পাওয়ায় চালু করতে পারছি না। ফলে শুরুতেই রুগ্ন হয়ে পড়েছে আমার প্রতিষ্ঠান।

আবুল মোমেন বলেন, সিলেটে নতুন অনেক শিল্প কারখানা গড়ে ওঠেছে, সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও কেবল গ্যাসসংযোগের অভাবে সেগুলোতে উৎপাদন শুরু হচ্ছে না। আমি অনেক চেষ্টা করেও শিল্পে গ্যাসসংযোগ চালু করতে পারিনি।

উল্লেখ্য, ১৯৬৬ সালে যাত্রা শুরু করে সিলেট চেম্বার অব কমার্স। বুধবার থেকে এই সংগঠনের দু’দিনব্যাপী ৫০ বছর পূর্তি অনুষ্ঠান শুরু হয়েছে। যা শেষ হবে বৃহস্পতিবার।

৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সকালে চেম্বার ভবনের সামনে থেকে শোভাযাত্রা করেন চেম্বারর সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.