Sylhet Today 24 PRINT

নগরীতে নির্মিত হচ্ছে চারলেন সড়ক, বৃহস্পতিবার ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট নগরীতে প্রথমবারের মতো চার লেন সড়ক নির্মান করতে যাচ্ছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। নগরীর দক্ষিণ সুরমার কীন ব্রিজ থেকে হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত সড়ককে চার লেনে উন্নীত করার প্রকল্প নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে, ক্বীন ব্রীজ হতে মুক্তিযোদ্ধা চত্ত্বর হয়ে হুমায়ুন রশীদ চত্ত্বর পর্যন্ত রাস্তা ৪ লেনে উন্নীতকরণ কাজের ব্যয় ধরা হয়েছে হচ্ছে ১৭ কোটি ৯০ লক্ষ টাকা। আগামী বছরের জুলাইয়ের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর।

এই সড়ককে চার লেনে উন্নীতের ফলে কদমতলী বাস টার্মিনাল এলাকার যানজট কমবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তা।  

এই প্রকল্প ছাড়াও বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রী হুমায়ুন রশীদ চত্ত্বর হতে শিববাড়ী হয়ে বন্দরঘাট পর্যন্ত আরসিসি ইউ টাইপ ও বক্স ড্রেন নির্মান এবং ক্বীন ব্রীজ হতে ঝালোপাড়া হয়ে মুক্তিযোদ্ধা চত্ত্বর পর্যন্ত রাস্তা ২ লেনে উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

হুমায়ুন রশীদ চত্ত্বর হতে শিববাড়ী হয়ে বন্দরঘাট পর্যন্ত আরসিসি ইউ টাইপ ও বক্স ড্রেন নির্মান কাজের চুক্তিমূল্য ৮ কোটি ৬৬ লক্ষ টাকা এবং কীন ব্রীজ হতে ঝালোপাড়া হয়ে মুক্তিযোদ্ধা চত্ত্বর পর্যন্ত রাস্তা ২ লেনে উন্নীতকরণ কাজের চুক্তিমূল্য ৬ কোটি ৯১ লক্ষ টাকা।


সিসিক সূত্র জানায়, মিউনিসিপ্যাল গর্ভমেন্ট অ্যান্ড সার্ভিস প্রজেক্ট (এমজিএসপি)-এর অর্থায়নে এ দুটি সড়ক চার লেন ও দুই লেনে উন্নীত করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কিনব্রিজ থেকে হুমায়ুন রশিদ চত্বর চার লেন সড়কটির মাঝখানে থাকবে ডিভাইডার। সড়কের দুপাশে থাকবে দেড় মিটার করে ড্রেন, লাগানো হবে সড়কবাতি, পরিবেশের স্বার্থে সড়কের দু’পাশে লাগানো হবে বিভিন্ন প্রজাতির গাছ। চারলেন সড়কটির দৈর্ঘ্য হবে ১৪শ’২৫ মিটার এবং প্রস্থ ২৭ মিটার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.