Sylhet Today 24 PRINT

বাংলাদেশকে আমরা দানবের দেশ হিসেবে দেখতে চাই না : নূর

নিজস্ব প্রতিবেদক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৭

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশকে আমরা দানবের দেশ হিসেবে দেখতে চাই না। মানবের দেশ হিসেবে দেখতে চাই। বাংলাদেশে জঙ্গিবাদী কর্মকান্ডের প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেন সংস্কৃতিমন্ত্রী।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে নগরীর আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে দশদিনব্যাপী বেঙ্গল সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসাদুজ্জামান নূর। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর আরো বলেন, বাংলা ভাষা ব্যবহারে আমরা অনেকটাই উদাসীন। দৈনন্দিন জীবনে বাংলার ব্যাবহার অনেক কমে গেছে। সরকারী অনেক প্রতিষ্ঠানের নামও ইংরেজিতে।

তিনি বলেন, আদালতের নির্দেশে অনেকক্ষেত্রে বাংলা ফিরেছে ঠিকই, কিন্তু বাড়িতে বাড়িতে বাংলার ব্যবহার নিশ্চিত করবো কি করে।

সংস্কৃতি চর্চা বাড়াতে সরকার কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন , আমাদের আগামী প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে খাপ খাইয়ে গড়ে তুলতে হবে। ঢাকার বাইরে এ ধরনের বড় উৎসবের আয়োজনের করায় তিনি বেঙ্গল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

নিজের বক্তব্যের শেষে আসাদুজ্জামান নূর জঙ্গিবাদ বিরোধী একটি কবিতা আবৃত্তি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.