হবিগঞ্জ প্রতিনিধি | ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের গুনই গ্রামে ভূমিহীনদের খাস জমি রেজিস্ট্রি ও উচ্ছেদ ষড়যন্ত্র বন্ধের দাবিতে ভূমিহীন-ক্ষেতমজুর-কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বানিয়াচং উপজেলা বাসদ ও ভূমিহীন সংগ্রাম কমিটি আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ। তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৪৫ বছরে দেশে যেমন ভূমিহীনদের সংখ্যা ক্রমাগত বাড়ছে, তেমনি কৃষক-শ্রমজীবী মানুষের অভাব-অনটন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। গত ৪৫ বছরে আমূল ভূমি সংস্কার, ফসলের ন্যায্য দাম, কম দামে সার-বীজ বিক্রি, কীটনাশকসহ কৃষি উপকরণের পর্যাপ্ত সরবরাহ, ক্ষেতমজুরদের সারা বছরের কাজ ও খাদ্যের নিরাপত্তাসহ বিভিন্ন দাবীর কোনটাই বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, গুনই গ্রামের পাশে প্রায় আড়াইশ’ ভূমিহীন পরিবার ১১ বছর ধরে বসবাস করে আসছে। তাদের নামে খাস জমি রেজিস্ট্রি করে দেয়া তো হয়ইনি, উপরন্তু তারা উচ্ছেদ আতঙ্কে আছেন। তাই যথাশীঘ্র গুনই গ্রামের ভূমিহীনদের নামে খাস জমি রেজিস্ট্রি করে দিতে হবে।
তিনি আরো বলেন, আজ প্রমাণিত হয়েছে, বিগত ৪৫ বছরে আওয়ামীলীগ-বিএনপি কেন্দ্রিক দ্বি-দলীয় ধনিক শ্রেণীর শাসন মানুষের জীবনে শান্তি-সমৃদ্ধি-নিরাপত্তা দিতে পারেনি। ফলে দ্বি-দলীয় রাজনীতির বিপরীতে ভূমিহীন-ক্ষেতমজুরদের স্বার্থ রক্ষার লক্ষে বাম গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে।
বুধবার বিকালে গুনই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা বাসদ আহবায়ক লোকমান আহমেদ।
এতে আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বাসদ সমন্বয়ক কমরেড এডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, বাসদ নেতা মুজিবুর রহমান ফরিদ, আহমেদ আলী, মোশারফ হোসেন খান শান্ত, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মহিলা ফোরাম সংগঠক সুফিয়া মজুমদার, সিপিবি নেতা ইমদাদুল হোসেন খান, ভূমিহীন নেতা অনু মিয়া, আব্দুল মজিদ, মান্নান মিয়া, ইজ্জত আলী, জব্বার মিয়া, কামাল মিয়া, আব্দুন নূর, জিতু মিয়া, আমিনুর চৌধুরী, শাহিদ মিয়া, ছাত্র নেতা তৌহিদুর রহমান পলাশ প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা বাসদ সদস্য সচিব এমদাদুর রহমান কাওছার।