Sylhet Today 24 PRINT

ফিরে এলো বায়োস্কোপ

মানবিক সাধনায় বেঙ্গল সংস্কৃতি উৎসব

দেবব্রত চৌধুরী লিটন  |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

কাঠের একটি বাক্সকে ঘিরে আছেন জনা বিশেক লোক। এদের মধ্য কয়েকজন পালা করে চোখ রাখছে ওই বাক্সে। যাদের মধ্যে শিশুই বেশি।

এর আগে কখনো এমন বাক্স দেখেনি শিশুরা। এই প্রথম দেখা। অভিভাবকদের কাছ থেকে জেনেছে এর নাম বায়োস্কোপ।

বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত মানবিক সাধনায় বেঙ্গল সংস্কৃতি উৎসবে গিয়ে দেখা মিললো এমন দৃশ্যের। এই উৎসবেই দেখা মিললো হারিয়ে যাওয়া বাঙালি ঐতিহ্য বায়োস্কোপের।

বায়োস্কোপের সামনে খঞ্জনি বাজিয়ে গান গাইছেন এ আসরের মধ্যমণি আব্দুল জলিল। তাকে ঘিরে যেন উচ্ছ্বাসের কমতি নেই শিশু কিশোরদের।

'এই বারে লাখের ভাল, ডানে বামে নজর কর' বলে গান গাইছেন তিনি। কাঠের বাক্সের ভেতরের দৃশ্যপট পালটাচ্ছেন খানিকক্ষণ পর পর। বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যে বায়োস্কোপ নিয়ে তিনি এসেছেন রাজশাহীর বাগমারা থেকে।

উৎসবের প্রথম দিন কথা হয় আব্দুল জলিলের সাথে। কথা প্রসঙ্গে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আমি যখন ১২/১৩ বছরের তখন থেকেই বায়োস্কোপ দেখানো শুরু করি। প্রায় ৩০ বছর থেকে আমি বায়োস্কোপ দেখিয়ে শিশু-কিশোরদের আনন্দ দিচ্ছি। শিশুরা দারুণ উপভোগ করে বায়োস্কোপ।

সেখানে দেখা হয় গীতিকার দেবু বণিকের সাথে। তিনি তার পরিবার-পরিজন নিয়ে সাংস্কৃতিক উৎসবে এসেছেন। তিনি বলেন, হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যের স্মারক বায়োস্কোপ আমার ছেলেকে দেখাতে পেরে আমি আনন্দিত। বায়োস্কোপ আমাদের ছোটবেলায় অনেকবার দেখেছি। অনেক বছর পর আজ এই উৎসবে বায়োস্কোপ দেখতে পেলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.