Sylhet Today 24 PRINT

গ্যাসের দাম কম ছিলো, তাই বাড়ানো হয়েছে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৭

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, গ্যাসের দাম কম ছিলো। তাই দাম বৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন অর্থমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, মার্চ থেকে প্রতি চুলা গ্যাসের জন্য খরচ করতে হবে ৭৫০ টাকা, এটা জুনে বেড়ে গিয়ে দাঁড়াবে ৯০০ টাকায়। আর মার্চ থেকে দুই চুলা গ্যাসের জন্য খরচ যাবে ৮০০ টাকা, যা জুনে গিয়ে বেড়ে হবে ৯৫০ টাকা।

বর্তমানে প্রতি চুলা গ্য‍াসের দাম রাখা হচ্ছে ৬০০ টাকা, আর ‍দুই চুলা ৬৫০ টাকা।

গ্যাসের পাশাপাশি দাম বাড়বে সিএনজি গ্যাসেরও। মার্চ থেকে প্রতি ঘনমিটার সিএনজি গ্যাসের দাম হবে ৩৮ টাকা। এটা জুনে গিয়ে দাঁড়াবে ৪০ টাকায়। মার্চ থেকে গ্যাসের বাণিজ্যিক ইউনিটপ্রতি খরচ যাবে ১৪.২০ টাকা, আর জুন থেকে এক্ষেত্রে খরচ করতে হবে ১৭.৪০ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.