Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে দুই শিশু হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ

হবিগঞ্জ প্রতিনিধি  |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

হবিগঞ্জের বাহুবলে ২ শিশুকে গলা কেটে হত্যার দায়ে ৩ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এই দন্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাহুবল উপজেলার যশপাল গ্রামের মৃত আব্দুস সমেদের ছেলে আব্দুল আলী, মৃত মারফত উল্ল্যাহর ছেলে সায়েদ আলী ও মৃত আব্দুল মালেকের ছেলে আরজু মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৮ আগস্ট আসামিরা একই গ্রামের সিদ্দিক আলীর ২ শিশুপুত্র আব্দুল আহাদ (১২) ও নুরাজ আলীকে (১০) বিয়ের দাওয়াতে নেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরদিন দুই ভাইয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুদের পিতা ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ ঘটনায় আসামি আব্দুল আলীকে গ্রেপ্তার করা হলে তিনি পূর্ব বিরোধের জের ধরে শিশুদের গলা কেটে হত্যার কথা স্বীকার করেন। মামলা চলাকালে অপর দুই আসামি পলাতক ছিলেন।

রায় ঘোষণাকালে আসামি আব্দুল আলী আদালতে হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.