জগন্নাথপুর প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল নোয়াগাঁও গ্রামে সোমবার দুপুর ২টায় পূর্ব বিরোধের জের ধরে শুকুর আলম নামের এক স্কুল ছাত্রকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত শুকুর আলম কান্দারগাঁও নোয়াগাঁও গ্রামের মজর উদ্দিনের পুত্র। সে কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র।
নিহত শিশু শুকুর আলমের পিতা মজর উদ্দিন জানান, একই গ্রামের আব্দুল আহাদের পুত্র আলকাব মিয়ার সাথে দীর্ঘদিন ধরে গ্রাম্য বিরোধ চলছিল। এনিয়ে আদালতে মামলা মোকাদ্দমাও রয়েছে। সোমবার দুপুরে তার ছেলে শুকুর আলম গরু চড়াতে বাড়ির পাশ্ববর্তী পতিত ভূমিতে যায়। বেলা অনুমান ২টায় প্রতিপক্ষ আলকাব মিয়া ও ইলিয়াছ মিয়ার পুত্র আব্দুল আলীম, নানু মিয়াসহ তাদের সহযোগীরা শুকুর আলমকে একা পেয়ে ধরে নিয়ে যায় এবং কলমী গাছের ঝোপের নির্জন স্থানে তাকে গলা কেটে হত্যা করে।
এসময় মাঠে গরু চড়ানোরত অন্যান্য রাখালরা দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়।
মজর উদ্দিন আরো জানান, ঘটনার সাথে সাথে ছুটে গিয়ে আমার ছেলেকে মুমুর্ষ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুরছালিন, ওসি (তদন্ত) মইন উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযান চালায়। এস আই সাইফুল আলম জানান, শুকুর আলমের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ হয়েছে।