Sylhet Today 24 PRINT

খুনের দায় আমার উপর চাপানোর অপচেষ্টা করা হচ্ছে : জগলু চৌধুরী

ওসমানীনগর প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

আমার জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে কালনীচরের সংঘর্ষ ও খুনের ঘটনা আমার উপর চাপানোর অপচেষ্টা করা হচ্ছে। সেই ষড়যন্ত্রের বিষয়টি উপজেলার সাধারণ নাগরিক উপলব্ধি করেছে।

মঙ্গলবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নাগরিক কমিটির ব্যানারে চেয়ারম্যান প্রার্থী হওয়া আখতারুজ্জামান চৌধুরী জগলু উপরোক্ত কথাগুলো বলেন। আ' লীগের মনোনয়ন না পেয়ে নাগরিক কমিটির ব্যানারে প্রার্থী হন জগলু।

রোববার ওসমানীনগরে সংঘর্ষে দুইজন নিহত হন। উপজেলার সাদীপুর ইউনিয়নের বাংলাবাজার হাতানিপাড়া গ্রামে আওয়ামী লীগ প্রার্থী মো. আতাউর রহমান ও বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
 
এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জগলু বলেন, সংঘর্ষে দুইজন খুন হওয়ার ঘটনাটি কাম্য নয়। এ ঘটনাকে কেন্দ্র করে লাশের রাজনীতি করাও ঠিক নয়। আমি আশাবাদী নতুন নির্বাচন কমিশনের অধিনে ওসমানীনগর উপজেলার প্রথম নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হবে। উপজেলাবাসী যদি আমাকে নির্বাচিত করেন তাহলে প্রত্যেক নাগরিক তাদের কাঙ্খিত সুযোগ সুবিধা পাবে।
 
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক কমিটির সদস্য ও ওসমানীনগর উপজেলা বাস্তবায় পরিষদের সদস্য সচিব সাইয়্যিদ আহমদ বহলুল, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মান্না চৌধুরী, আমির আলী, কাজী সামাদ, সৈয়দ শানুর আহমদসহ নাগরিক কমিটির সদস্যবৃন্দ।

আগামী ৬ মার্চ সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.