Sylhet Today 24 PRINT

দুই দিন জনভোগান্তি শেষে বড়লেখায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বড়লেখা প্রতিনিধি |  ০১ মার্চ, ২০১৭

কেন্দ্রের সিদ্ধান্তের ফলে মৌলভীবাজারের বড়লেখায় পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

এর আগে বুধবার (১ মার্চ) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দুই চালকের দণ্ডের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটে মৌলভীবাজারের বড়লেখায় অচল হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। এতে জনভোগান্তি সীমাহীন আকার ধারণ করে। সাধারণ যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সদরের উত্তর চৌমুহনী, উত্তরবাজার, মধ্যবাজার, দক্ষিণবাজার, পাখিয়ালা চৌমুহনী, কাঁঠালতলী, রতুলী, দক্ষিণভাগ, সুজানগর, দাসেরবাজার, চান্দগ্রামবাজার ঘুরে পরিবহন শ্রমিকদের রাস্তা অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করতে দেখা যায়। তবে অবরোধ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা ট্রাক-ট্যাংক-লরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুর রহমান খলকু ও শ্রমিক নেতা শাহিন আহমদ বিকেল ৩টায় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে সিলেটটুডেকে জানান, "কেন্দ্র থেকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত আসায় বড়লেখায় তা প্রত্যাহার করা হয়।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.