বড়লেখা প্রতিনিধি | ০১ মার্চ, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে এনাম উদ্দিন চেয়ারম্যান দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় কাঁঠালতলীবাজার সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কাঁঠালতলী যুব সমাজ টুর্নামেন্টের আয়োজন করে।
খেলা শুরুর আগ থেকেই হাজারো দর্শকের আগমনে মুখরিত হয়ে ওঠে কাঁঠালতলীবাজার এলাকা। খেলা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। খেলার মাঠে জায়গা না হওয়ায় অনেকেই আশেপাশের ভবনের ছাদে অবস্থান নেন। ঝুঁকি নিয়ে অনেকেই গাছে উঠে খেলা উপভোগ করতে দেখা গেছে।
ফাইনাল খেলায় চুকারপুঞ্জিবাসীর পক্ষে খেলেন জাতীয় চ্যাম্পিয়ন তারকা সুহেল-জয়নাল জুটি ও শিমুলিয়া সুপার স্টারের পক্ষে খেলেন এনাম-পরশ জুটি। খেলায় শিমুলিয়া সুপার স্টারকে ১-৩ সেটে হারিয়ে আমরা চুকারপুঞ্জিবাসী চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি রাসেল আহমদের সভাপতিত্বে ও শিক্ষক ছয়ফুল ইসলাম এবং আমজাদ হোসেন পাপলুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ।
পরে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসেবে মোটরসাইকেল ও রানার্স-আপ দলের হাতে ফ্রিজ তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, বড়লেখা থানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর, ইউপি চেয়ারম্যান নসিব আলী, সাহাব উদ্দিন, আহমদ জুবায়ের লিটন, বিদ্যুৎ কান্তি দাস, মুক্তিযোদ্ধা সাইফুর রাজা দুলু, আব্দুল জলিল, আব্দুল লতিফ, টুনার্মেন্টের উদ্যোক্তা চেয়ারম্যান এনাম উদ্দিন, সুজানগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাহেদুল মজিদ নিকু, সাংবাদিক আব্দুর রব, শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।