Sylhet Today 24 PRINT

মাধবপুরে ১৪ দিনেও উদ্ধার হননি অপহৃতা স্কুল শিক্ষিকা

মাধবপুর প্রতিনিধি |  ০১ মার্চ, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার পৌর শহরের রায়পাড়ার মন্দির ভিত্তিক স্কুলের এক শিক্ষিকাকে অপহরণের ১৪ দিন পরেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহৃতার পরিবারকে দেশত্যাগের হুমকি দেওয়ায় আতংকের মধ্যে দিন কাটাচ্ছে অপহৃতার পরিবার বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির।

এ ব্যাপারে অপহৃতার ভাই বিদ্যুৎ মজুমদার শনিবার বিকেলে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরীর আবেদন করেছেন। আবেদনে উল্লেখ করা হয়, গত ১৫ ফেব্রুয়ারি তার বোনকে রায়পাড়া শিয়ন চৌধুরী তার সহযোগীদের নিয়ে অপহরণ করে। এ ব্যাপারে অপহৃতার পিতা বিজয় মজুমদার বাদী হয়ে শিয়ন চৌধুরীসহ ৩ জনের নামে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় শিয়ন চৌধুরীর ভাই তুষার চৌধুরীকে গ্রেপ্তার করলেও মূল অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃতাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

অপহৃতার ভাই বিদ্যুৎ মজুমদার জানান, গত ২০ফেব্রুয়ারী শিয়ন চৌধুরী তার মোবাইল ফোনে আমাদেরকে দেশ থেকে ভারতে পাঠানোর হুমকি দেন। এ ঘটনার পর থেকে আমরা আতংকের মধ্যে দিন কাটাচ্ছি। এ ব্যাপারে মাধবপুর থানায় একটি জিডি করা হয়েছে (জিডি নং- ১৩৬৯) ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই দয়াল হরি ভৌমিক জানান, অপহৃতা স্কুল শিক্ষিকাকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। ঘনঘন স্থান পরিবর্তনের কারণে তাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা যাচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.