নিজস্ব প্রতিবেদক | ০২ মার্চ, ২০১৭
সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যতে শূন্য হওয়া সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাঁর স্ত্রী ড. জয়া সেন। বৃহস্পতিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
গত ২৬ ফেব্রুয়ারি এই আসনে জয় সেনকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জয়া সেনের সাথে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য আব্দুল মজিদ খান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোটেক শামসুল ইসলাম, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসাব উদ্দিন সর্দার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, দিরাই পৌরসভার মেয়র মোশারফ হোসেন প্রমুখ।
উপ নির্বাচনে অংশ নিতে সুরঞ্জিতের পুত্র সৌমেন সেনগুপ্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তকে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় জয়া সেনকে মনোনয়ন দেওয়া হয়।
আগামী ৩০ মার্চ এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ-২ আসনের মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৪৭৪ জন ও মহিলা ভোটার ১ লাখ ২২ হাজার ৩৬৪ জন।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ভোর ৪টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের উপদেষ্ঠামন্ডলীর সদস্য ও সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। ফলে শুন্য হয়ে যায় জাতীয় সংসদের এই আসনটি।