Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে মিনিবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজার প্রতিনিধি |  ০২ মার্চ, ২০১৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভাড়াউড়া এলাকায় ৬ নং ব্রিজে মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-অটোরিকশা চালক সাইফুল ইসলাম (৪০) ও মৌলভীবাজারের কনকপুর গ্রামের রিছাত মিয়া।

আহতরা হলেন-মোস্তফা মিয়া (৩৫), তান্নি জাহান মিম (২১) ও রেশমা খানম (২৮)। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মৌলভীবাজার থেকে আসা যাত্রীবাহী একটি মিনিবাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক সাইফুল ও যাত্রী রিছাতের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুইজনের অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.