Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ছাত্রলীগের ৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক |  ০৩ মার্চ, ২০১৭

গত বছরের জুলাই মাসে সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে কারারক্ষীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় দল থেকে সাময়িক বহিষ্কার হওয়া সিলেট জেলা ছাত্রলীগের ৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২ মার্চ) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া ৮ নেতা হলেন- সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ সভাপতি হোসাইন আহমদ চৌধুরী, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাইয়াজ আহমদ জামিল, সহ সম্পাদক মাসুম আহমদ মাহি, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন, ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদ ও এমসি কলেজ ছাত্রলীগ নেতা সৌরভ দাস।

উল্লেখ্য, গত ২১ জুলাই বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের কারারক্ষীদের সাথে সংঘাতে জড়ায় ছাত্রলীগ। কারা কর্তৃপক্ষের অভিযোগ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিপুর মুক্তি প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় তার অনুসারীরা কারাগারের নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালায়। এতে ৩ সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। ভাংচুর করা হয় অর্ধশতাধিক মোটরসাইকেল।

পরদিন এই সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ওই ৮ নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.