Sylhet Today 24 PRINT

মানি লন্ডারিং আর্থিক খাতের সবচেয়ে বড় অপরাধ : সিলেটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর

নিজস্ব প্রতিবেদক |  ০৩ মার্চ, ২০১৭

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, মানি লন্ডারিংয়ের মাধ্যমে দেশ থেকে অর্থপাচার আর্থিক খাতের সবচেয়ে বড় অপরাধ যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে।

বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর উদ্যোগে সকল তফসিলি ব্যাংক সমূহের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হচ্ছে ব্যাংক। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের সিংহভাগ সম্পাদিত হয় ব্যাংকের মাধ্যমে যা আর্তসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

সিলেট নগরীর হোটেল রোজভিউয়ে আয়োজিত তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আবু হেনা মো. রাজী হাসান।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক মো. মোসলেম উদ্দিন, এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশে লিমিটেডের চেয়ারম্যান আনিস এ খানসহ বিভিন্ন ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে গভর্নর ফজলে কবির আরো বলেন, সাধারণ জনগনের কাছ থেকে মূলধন সংগ্রহ করে উৎপাদনশীল খাতে বিনিয়োগ হয় যা, দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। এ কারনে একটি অপরাধ মুক্ত স্থিতিশীল ও দক্ষ ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশের সমাজ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় একটি দেশের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যাবস্থা একটি গুরুত্বপূর্ণ মানদন্ড হিসেবে কাজ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.