নিজস্ব প্রতিবেদক | ০৪ মার্চ, ২০১৭
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও কর্মবিরতি পালন করছেন ওসমানী মেডিকেল কলেজসহ বেসরকারি ৩ হাসপাতাল নর্থ ইস্ট মেডিকেল কলেজ, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার (৪ মার্চ) সকাল থেকে কর্মবিরতি পালন করছেন এসব হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ।
দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধনে অংশ নেন ওসমানী মেডিক্যাল কলেজসহ বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এসময় তারা দ্রুত বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজের চার ইন্টার্ন চিকিৎসকের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক অন্তরদ্বীপ নন্দী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, "আমাদের দাবিগুলো হলো- বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকদের শাস্তি প্রত্যাহার করে তাদের নিজেদের কর্মস্থলে বহাল রাখতে হবে এবং ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা প্রদান করতে হবে। এই দু'টি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।"
উল্লেখ্য, বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা এক রোগীর স্বজনদের মারধর করায় চারজনের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিত করে কর্তৃপক্ষ। এছাড়া ছয় মাস পরে তাদের চারটি ভিন্ন হাসপাতালে ইন্টার্নশিপ করার শাস্তিও দেওয়া হয়।