বড়লেখা প্রতিনিধি | ০৪ মার্চ, ২০১৭
মৌলভীবাজারের জুড়ীতে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ মার্চ) উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ভূঁয়াই বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ভূঁয়াই বাজারের বাসিন্দা পল্লী চিকিৎসক ও মোস্তকীন হোসেন বাবুল (৫৪) এবং তাঁর স্ত্রী জায়ফরনগর ইউপির সংরক্ষিত সদস্য রোশনা বেগম (৪৩)।
পুলিশ জানায়, মোস্তকীন ও রোশনা বেশ কিছু দিন ধরে এলাকার তরুণ-যুবকদের কাছে ইয়াবা বিক্রি করে আসছিলেন। শুক্রবার রাত ১১টার দিকে পুলিশ তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে খাটের তোষকের নিচে ৭৫ পিস ইয়াবা পায়। পরে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জুড়ী থানার এসআই সুহেল রানা বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক আইনের ১৯ এর ১ ধারার ৯ এর খ ধারায় মামলা করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মৌলভীবাজার জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।