Sylhet Today 24 PRINT

দুই দিনের আন্তর্জাতিক সিলেট উৎসবে যা থাকছে

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মার্চ, ২০১৭

আগামীকাল সোমবার (৬ মার্চ) সিলেটে পর্দা উঠছে ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশন আয়োজিত আন্তর্জাতিক সিলেট উৎসবের। দুই দিনব্যাপী এই উৎসব শুরু হবে লাক্কাতুরা চা বাগান সংলগ্ন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সোমবার সকাল ১০টায় জাতীয় ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে বর্ণাঢ্য এই উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধনী অনুষ্ঠানের পর জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র সভাপতি সি এম তোফায়েল সামি’র সভাপতিত্বে শুরু হবে আলোচনা পর্ব।

থাকবে 'সম্ভাবনার সিলেট' বিষয়ক বক্তৃতামালা। এতে ‘সিলেটের যোগাযোগ, অবকাঠামো ও নগর উন্নয়ন’ শীর্ষক বিষয়ের উপর আলোচনায় সভাপতিত্ব করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী। বিষয়বস্তু উপস্থাপন করবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব আর মুখ্য আলোচকের দায়িত্ব পালন করবেন অবকাঠামো বিশেষজ্ঞ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, নির্ধারিত আলোচক হিসেবে থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুর প্রকৌশল বিভাগের অধ্যাপক প্রফেসর ড. জহির বিন আলম।

এরপর শুরু হবে 'সিলেটের পর্যটন ও পরিবেশ উন্নয়ন' শীর্ষক আলোচনা পর্ব। এতে সভাপতিত্ব করবেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিষয়বস্তু উপস্থাপন করবেন পর্যটন বিশেষজ্ঞ মো. জামিউল আহমেদ। মুখ্য আলোচকের দায়িত্ব পালন করবেন সাবেক এমপি নাজিম কামরান চৌধুরী ও নির্ধারিত আলোচক হিসেবে থাকবেন পর্যটন বিশেষজ্ঞ ডা. জাকারিয়া হোসেন।

‘সিলেটের বিনিয়োগ, উন্নয়ন ও প্রবাসীদের সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান। বিষয়বস্তু উপস্থাপন করবেন রুপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির, মুখ্য আলোচকের দায়িত্ব পালন করবেন ব্যাংক এশিয়ার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট চা-কর এম সাফওয়ান চৌধুরী, নির্ধারিত আলোচক হিসেবে থাকবেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক ড. তৌফিক রহমান চৌধুরী, সিলেট চেম্বারের প্রেসিডেন্ট সালাহ উদ্দিন আলী আহমদ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির।

পরদিন ৭ মার্চ সিলেটের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ের উপর আলোচনায় সভাপতিত্ব করবেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর মো আব্দুল আজিজ। বিষয়বস্তু উপস্থাপন করবেন ব্র্যাক এর ভাইস চেয়ারম্যান ড. আহমদ মোশতাকুর রাজা চৌধুরী, মুখ্য আলোচক হিসেবে থাকবেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ, নির্ধারিত আলোচক হিসেবে থাকবেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সালেহ উদ্দিন আহমদ।

'সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সম্ভাবনা' শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করবেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার ডা. এম এ মালিক, বিষয়বস্তুর উপস্থাপক হিসেবে থাকবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আহমদ আল সাবির, মুখ্য আলোচকের দায়িত্ব পালন করবেন জাতীয় অধ্যাপিকা ডা. শাহলা খাতুন, নির্ধারিত আলোচক হিসেবে থাকবেন বিএমএ’র অতিরিক্ত মহাপরিচালক ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ’র অধ্যক্ষ ও বিএমএ’র সহ-সভাপতি অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।

'সিলেটের সাহিত্য ও সংস্কৃতির ধারা' শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করবেন প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। আলোচনার বিষয়বস্তু উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী, মুখ্য আলোচকের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ও সাহিত্যিক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, নির্ধারিত আলোচক হিসেবে থাকবেন কবি ও গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ ও মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।

বেলা আড়াইটা থেকে শুরু হবে ‘প্রজন্মের কথামালা’ শীর্ষক আলোচনা। সেখানে সভাপতিত্ব করবেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সি এম তোফায়েল সামি।

বিকেল ৪টা থেকে শুরু হবে ডকুমেন্টারি প্রদর্শন, কৌতুক, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনা। সন্ধ্যায় বিরতির পর আবার শুরু হবে দেশ বিদেশের ও সিলেটের স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা গীতি নৃত্যনাট্য। থাকবে সিলেটের নৃত্যসম্ভার ও সঙ্গীত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.