Sylhet Today 24 PRINT

নারী দিবসে নিজের ওপর সহিংসতার বিচার পাচ্ছেন খাদিজা

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মার্চ, ২০১৭

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আর এই দিনেই নিজের ওপর হামলার বিচার পেতে যাচ্ছেন খাদিজা বেগম নার্গিস। আগামী ৮ মার্চ খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণা করবেন আদালত।

মামলার যুক্তি-তর্ক শেষে রোববার (৫ মার্চ) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা রায়ের এ তারিখ ঘোষণা করেন।

প্রেমের আহ্বানে সাড়া না দেয়ায় গত বছরের ৩ অক্টোবর বিকেলে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসের পুকুর পাড়ে খাদিজাকে চাপাতি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। সংকটাপন্ন অবস্থায় প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও সেই রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় লাইফ সাপোর্টে। সেখানে দীর্ঘদিন চলে খাদিজার চিকিৎসা। বর্বর হামলায় প্রায় মৃত্যুর মুখে চলে যাওয়া খাদিজা অবিশ্বাস্যভাবে ধীরে ধীরে সুস্থ্য হয়ে ওঠেন।

স্কয়ার হাসপাতাল থেকে থেরাপি দেয়ার জন্য খাদিজাকে স্থানান্তর করা হয় সাভারের সিআরপি-তে। এরপর সেখানে চিকিৎসা শেষে বর্তমানে সিলেটে নিজের বাড়িতে আছেন খাদিজা।

সুস্থ হয়ে বাড়ি ফিরে সিলেটের আদালতে হাজির হয়েছেন খাদিজা। সাক্ষ্য দিয়েছেন তাকে হত্যাচেষ্টা মামলায়। আদালতে বলেছেন কিভাবে সেদিন তার ওপর নৃশংস হামলা চালিয়েছিলেন বদরুল। একই সাথে দাবি করেছেন বদরুলের সর্বোচ্চ শাস্তি।

নারী দিবসে দেয়া রায়ে ন্যায়বিচার পাবেন খাদিজা আর নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এই রায়- এমনটাই আশা করছেন খাদিজার স্বজনসহ সকল সচেতন মহল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.