Sylhet Today 24 PRINT

সুরঞ্জিতের স্ত্রীসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ১ জনের বাতিল

সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০১৭

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) সংসদীয় আসনের উপ-নির্বাচনের বাছাই পর্বে ৫ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। রোববার দুপুর ১২টায় শহরের মল্লিকপুরে জেলা নির্বাচন অফিসের কনফারেন্স রুমে সব প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাইয়ের পর এই সিদ্ধান্ত জানানো হয়।

নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা এস এম এজহারুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, জেলা নির্বাচন অফিসার মো. সাদেকুল ইসলাম, প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনের স্ত্রী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়া সেনের পক্ষে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, স্বতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেন রেজু, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহির আলী, জাসদ (ইনু) সমর্থিত প্রার্থী মো. আমিনুল ইসলাম ও জাসদ (আম্বিয়া) সমর্থিত প্রার্থী  সালেহীন চৌধুরী শুভ।

এর মধ্যে জাসদ (আম্বিয়া) গ্রুপের প্রার্থী সালেহীন চৌধুরী শুভর দল নির্বাচন কমিশনের নিবন্ধিত দল না হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। বাকি চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বাছাইপর্বে নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা কর্মকর্তা এস এম এজহারুল হক জানান।

আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়।  ২৬ ফেব্রুয়ারি  আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্তকে নৌকা মার্কায় দলীয় মনোনয়ন প্রদান করেন। ৫ ও ৬ মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাই।  ১৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.