Sylhet Today 24 PRINT

আজ প্রথম চেয়ারম্যান পাচ্ছে ওসমানীনগর উপজেলা

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মার্চ, ২০১৭

আজ (সোমবার) প্রথমবারের মতো ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজই প্রথম চেয়ারম্যান পাবে এই উপজেলাবাসী। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

এই উপজেলায় চেয়াম্যান পদে প্রার্থী হয়েছেন চারজন। আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান (নৌকা),  বিএনপির ময়নুল হক চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী শিব্বির আহমদ (লাঙ্গল) এবং আওয়ামী লীগের বিদ্রোহী মো. আখতারুজ্জামান চৌধুরী জগলু (ঘোড়া) চেয়ারম্যান হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ তাদের মধ্য থেকেই একজনকে বেছে নেবেন ভোটাররা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সুবিধা ভোগ করতে পারেন বিএনপির প্রার্থী।

এ নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নের ১ লক্ষ ২৯ হাজার ৮শত ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৫২টি ভোট কেন্দ্রে এক যুগে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। তবে, ৫২টি ভোটকেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ২০টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ ও ১০টি কেন্দ্রকে সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেছে প্রশাসন।

নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে, উপজেলা নির্বাচন উপলক্ষে শুক্রবার রাত ১২ থেকে উপজেলায় মোটর সাইকেল চলাচল বন্ধ রয়েছে।

উপজেলার ভাইস চেয়ারম্যান পদে গয়াছ মিয়া (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খান (তালা) নির্বাচনী মাঠে লড়ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা নিয়ে লড়াই করছেন মুক্তা পারভিন। বিএনপির দলীয় প্রতিক ধানের র্শীষে মুসলিমা আক্তার চৌধুরী। সতন্ত্র প্রার্থী হোসনা বেগম  কলস প্রতিক ও শারমিন সুলতানা ফুটবল প্রতিকে প্রার্থী হয়েছেন।

ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু লায়েশ দুলাল বলেন, নির্বাচন কমিশন নতুনভাবে গঠিত হওয়ার পর প্রথম নির্বাচন হওয়ায় নির্বাচনটিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানিয়েছে, ২০১৫ সালের ১৩ জুলাই ওসমানীনগর উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নবগঠিত এ উপজেলায় আটটি ইউনিয়ন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.