নিজস্ব প্রতিবেদক | ০৬ মার্চ, ২০১৭
সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে নারী ও পুরুষ ভোটাররা ভোট কেন্দ্রগুলোতে জড়ো হন।
সোমবার (৬ মার্চ) সকাল ৮টা থেকে নির্দিষ্ট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচন। তাই আজই প্রথমবারের মতো চেয়ারম্যান পাবে এই উপজেলাবাসী।
আর তাই পছন্দমতো চেয়ারম্যান প্রার্থীকে বেছে নিতে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ওসমানীনগর উপজেলাবাসী। এখন পর্যন্ত কোন কেন্দ্রে কোন ধরণের সহিংসতার খবর পাওয়া যায়নি।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৪৯৯ জন। পুরুষ ভোটার ৮৩ হাজার ৬৯২ ও মহিলা ভোটার ৮৩ হাজার ৮০৭ জন। ৮৭টি কেন্দ্রের ৪৩২টি বুথে ভোট গ্রহণ চলছে।
নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে, উপজেলা নির্বাচন উপলক্ষে শুক্রবার রাত ১২ থেকে উপজেলায় মোটর সাইকেল চলাচল বন্ধ রয়েছে।
ওসমানীনগর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন চারজন। আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান (নৌকা), বিএনপির ময়নুল হক চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী শিব্বির আহমদ (লাঙ্গল) এবং আওয়ামী লীগের বিদ্রোহী মো. আখতারুজ্জামান চৌধুরী জগলু (ঘোড়া) চেয়ারম্যান হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে উপজেলার ভাইস চেয়ারম্যান পদে গয়াছ মিয়া (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খান (তালা) নির্বাচনী মাঠে লড়ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে লড়াই করছেন মুক্তা পারভিন। বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে মুসলিমা আক্তার চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হোসনা বেগম কলস প্রতীক ও শারমিন সুলতানা ফুটবল প্রতিকে প্রার্থী হয়েছেন।