Sylhet Today 24 PRINT

বাবার কোলে চড়ে ভোটকেন্দ্রে প্রতিবন্ধী হাসান আলী

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৭

টাইফয়েডে হাত-পা অচল হাসান আলীর (৩৮)। চলতে হয় অন্যের সহায়তায়। সেই ষোল বছর বয়স থেকেই তিনি পরনির্ভরশীল। কিন্তু ভোট দেয়ার ইচ্ছা হাসান আলীর। সেই অদম্য ইচ্ছা পূরণে তাই বৃদ্ধ বাবার কোলে চড়ে হাসান আলী এলেন ভোটকেন্দ্রে।

সোমবার (৬ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ছদরুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসে ভোট দিয়েছেন হাসান আলী।

ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে এসে হাসান আলী বলেন, বাবার কারণে আমি ভোট দিতে পেরেছি। প্রায় সব নির্বাচনেই কেন্দ্রে এসে ভোট দিতে পারার একমাত্র ভরসা বাবা।

হাসান আলীর বাবা জানান, ১৬ বছর বয়সে টাইফয়েডে হাসান অসুস্থ হয়। এরপর হাত-পা অবশ হয়ে যায়। শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলে সে। প্রায় সকল নির্বাচনে ছেলের আকাঙ্খা থাকে ভোট দেওয়ার। তাই তাকে কোলে করে কেন্দ্রে নিয়ে আসি।

ছদরুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সাজিদুল হক জানান, প্রতিবন্ধী ও বয়স্ক ভোটাররা লাইনে দাঁড়ানো ছাড়াই ভোট দিতে পারছেন।

তিনি বলেন, এই কেন্দ্রে মোট ৩ হাজার ৫০৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৭৮৫ জন এবং নারী ভোটার ১ হাজার ৭১৯ জন।

সোমবার (৬ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে আতাউর রহমান (নৌকা), ময়নুল হক চৌধুরী (ধানের শীষ), শিব্বির আহমদ (লাঙ্গল), আওয়ামী লীগের বিদ্রোহী আখতারুজ্জামান চৌধুরী জগলু (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে গয়াছ মিয়া (ধান), ফেরদৌস খান (তালা), ভাইস চেয়ারম্যান (নারী) পদে মুক্তা পারভিন (নৌকা), মুসলিমা আক্তার চৌধুরী (ধান), শারমিন আক্তার (ফুটবল) ও হুছনা বেগম (কলস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, ২০১৫ সালের ১৩ জুলাই ওসমানীনগর উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নবগঠিত এ উপজেলা আটটি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হচ্ছে- তাজপুর, গোয়ালাবাজার, দয়ামীর, বুরঙ্গা, উমরপুর, সাদীপুর, পশ্চিম পৈলনপুর ও উছমানপুর।

সূত্র: বাংলানিউজ 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.