নিজস্ব প্রতিবেদক | ০৬ মার্চ, ২০১৭
সিলেটের ওসমানীনগরের প্রথম উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে ধীর গতিতে।
সোমবার (৬ মার্চ) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ওসমানীনগর উপজেলার মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, সকালে উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও পুরুষ ভোটারদের উপস্থিতি তেমন ভাবে লক্ষ্য করা যায়নি। তবে বেলা বাড়লে কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তিনি আরো জানিয়েছেন, সেখানে ভোটার সংখ্যা ৪ হাজার ৩শত ৮৩ ভোট। তবে এই প্রতিবেদন লিখা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৭শত।
মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সৈয়দ হাবিবুর রহমান সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকে বলেন, ভোটগ্রহণ খুবি ধীর গতিতে চলছে।
এখানে মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও পুরুষ ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম। তবে তিনি আশা করছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়বে।
ভোট কেন্দ্রটি পরিদর্শনকালে ড. নাজমানারা খানম ও ডি আই জি কামরুল আহসান বিপিএম সাংবাদিকদের বলেন, এখানে সুষ্ঠ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং তিনি বলেন, এখানে ভোটার উপস্থিতি কম হলেও দিনশেষে ভোটারের সংখ্যা বাড়বে।
তবে এ পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপি ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, র্যাব ও বিজিবি টহলরত অবস্থায় রয়েছে। সব ধরনের সহিংসতা এড়াতে ভোট কেন্দ্রগুলোত পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৪৯৯ জন। পুরুষ ভোটার ৮৩ হাজার ৬৯২ ও মহিলা ভোটার ৮৩ হাজার ৮০৭ জন। ৮৭টি কেন্দ্রের ৪৩২টি বুথে ভোট গ্রহণ চলছে।
নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে, উপজেলা নির্বাচন উপলক্ষে শুক্রবার রাত ১২ থেকে উপজেলায় মোটর সাইকেল চলাচল বন্ধ রয়েছে।
ওসমানীনগর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন চারজন। আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান (নৌকা), বিএনপির ময়নুল হক চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী শিব্বির আহমদ (লাঙ্গল) এবং আওয়ামী লীগের বিদ্রোহী মো. আখতারুজ্জামান চৌধুরী জগলু (ঘোড়া) চেয়ারম্যান হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে উপজেলার ভাইস চেয়ারম্যান পদে গয়াছ মিয়া (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খান (তালা) নির্বাচনী মাঠে লড়ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে লড়াই করছেন মুক্তা পারভিন। বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে মুসলিমা আক্তার চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হোসনা বেগম কলস প্রতীক ও শারমিন সুলতানা ফুটবল প্রতিকে প্রার্থী হয়েছেন।