Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০১৭

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় আজ সোমবার (৬ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। অল্প সংখ্যক ভোটারের উপস্থিতিতে সকাল থেকে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছেন বিভিন্ন পদের প্রার্থীরা।

সোমবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিত ছিল লক্ষনীয়। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

এই নির্বাচনে তিনটি পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আর এই ১১ প্রার্থীর মধ্যে তিন পদে একজন করে তিনজন জনপ্রতিনিধি নির্বাচন করতে ভোটার রয়েছেন ১ লক্ষ ৭৬ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার হলেন ৮৩ হাজার ৬৯২ জন আর নারী ভোটার রয়েছেন ৮৩ হাজার ৮০৭ জন।

কেন্দ্র পরিদর্শনে গিয়ে বাউরকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রদীপ কুমার দেব এই প্রতিবেদককে জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি ছিল কম। দিনক্ষণ বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়ছে। বেলা ১১.৪০ মিনিটে ১৯৮৫ ভোটের মধ্যে চার শতাধিক ভোট পড়েছে বলে জানান তিনি।

ভোটার উপস্থিতি কম বলে জানিয়ে নির্বাচনে অংশগ্রহনকারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেন (নৌকা প্রতীক) জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.