Sylhet Today 24 PRINT

‘আবেগপ্রবণ রায়’ দাবি বদরুলের আইনজীবীর, সন্তুষ্ট বাদীপক্ষ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মার্চ, ২০১৭

কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা বদরুল আলমকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত।

এই রায়কে 'আবেগপ্রবণ রায়' হিসেবে আখ্যায়িত করেছেন বদরুল আলমের আইনজীবী সাজ্জাদুর রহমান। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আদালত আবেগপ্রবণ হয়ে এই রায় দিয়েছেন। আমরা উচ্চ আদালতে যাবো। আশা করছি সেখানে ন্যায়বিচার পাবো।

ঘটনার দিন বদরুল নেশাগ্রস্ত ছিলো দাবি করে তার খালাসের দাবি জানিয়েছিলেন সাজ্জাদুর রহমান।

এদিকে, মামলার বাদী খাদিজা বেগমের চাচা আব্দুল কুদ্দুস রায়ে সন্তুষ্টি প্রকাশ করে এই রায় দ্রুত কার্যকরের দাবি জানান। তিনি বলেন, সকলের সহযোগীতায় ন্যায়বিচার পাওয়ার পথ সুগম হয়েছে।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন খাদিজার আইনজীবী একেএম শিবলীও।

বুধবার (৮ মার্চ) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন।

রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশপাশি বদরুলকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয় বলে জানান পিপি মিসবাহ উদ্দিন সিরাজ।

তিনি এই রায়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন। ৩২৬ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে বলেও জানান মিসবাহ।

গত বছরের ৩ অক্টোবর বিকেলে সিলেট এমসি কলেজে হামলার শিকার হন সিলেট সরকারী মহিলা কলেজের স্নাতক শ্রেণীর ছাত্রী খাদিজা বেগম নার্গিস। খাদিজাকে কোপানোর দায়ে ঘটনাস্থল থেকে জনতা শাহজালাল বিশ্ববদ্যিালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.