Sylhet Today 24 PRINT

নারীদের জন্য নির্মিত ওমেন্স কর্নারগুলো প্রভাবশালীদের দখলে

শাকিলা ববি, হবিগঞ্জ |  ০৮ মার্চ, ২০১৭

নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘ওমেন্স কর্নার’ নামে মার্কেট বাস্তবায়ন হচ্ছেনা নানা কারণে। ভবনগুলো অযত্নে অবহেলায় পড়ে থাকায় কোন কোন স্থানে রাজনৈতিক দলের কার্যালয় ও প্রভাবশালীদের গোদাম ঘরে পরিণত হয়েছে।

'নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা' এই প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও পালিত হচ্ছে নারী দিবস। একদিকে সরকার নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। অন্যদিকে পুরুষ শাসিত সমাজে মুখ থুবড়ে পড়ছে সরকারের এই পদক্ষেপগুলো। কাগজে কলমে নারীর ক্ষমতায়নের কার্যক্রমগুলো যতটুকু শক্তিশালী দেখা যায়, বাস্তবে এর চিত্র ঠিক ততটুকু দুর্বল দেখায় ।  

নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ হবিগঞ্জ জেলার ৬টি উপজেলায় বিভিন্ন গ্রোথ সেন্টারে ১৯টি ওমেন্স সেন্টার নির্মাণ করে। এগুলো হচ্ছে- হবিগঞ্জ সদর উপজেলার সাধুর বাজার, নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার, ইনাতগঞ্জ বাজার, বাহুবল উপজেলার ডুবাওই বাজার, আজমিরিগঞ্জ উপজেলার আজমিরিগঞ্জ সদর, কাকাইলছেও, পাহাড়পুর, লাখাই উপজেলায় মাদনা ও বুল্লা ও চুনারুঘাট উপজেলার চুনারুঘাট সদর, নালমুখ বাজার, গাবদেবপুর, মাধবপুর উপজেলার নোয়াপাড়া, চৌমুহনী ও ছাতিয়াইন বাজার ইত্যাদি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওমেন্স কর্নার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা। পাকা ভবনে নির্মিত ওই ওমেন্স কর্নারে শুধুমাত্র প্রশিক্ষিত নারীদের ব্যবসা প্রতিষ্ঠান থাকার কথা। এরই ধারাবাহিকতায় ১০ লাখ টাকা ব্যয়ে ৫ কক্ষ বিশিষ্ট একটি ওমেন্স কর্নার নির্মাণ করা হয় হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সাধুর বাজারে।

সরজমিনে গিয়ে জানা যায়, দোকানগুলো বরাদ্দের জন্য ২০১১ সালের দিকে ৫ জন নারীকে নির্বাচিত করা হয়। পারুল নামে একজন নারীর একটি টেইলারিং দোকান ছাড়া বাকি দোকানগুলো বন্ধ রয়েছে। ওই ভবনের একটি কক্ষ রাজিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় ও বাকিগুলো স্থানীয় প্রভাবশালীদের গোদামঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে জানান স্থানীয়রা।

আতর আলী নামে একজন স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে এ ভবনটি বেহাল অবস্থায় পড়ে থাকায় স্থানীয় রাজনৈতিক দলের নেতা ও প্রভাবশালীরা এগুলো অফিস ও গুদামঘর হিসেবে ব্যবহার করছেন। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পান না।

ইউপি চেয়ারম্যান এনামুল হক আহমেদ শেখ কামাল দলীয় অফিস ও প্রভাবশালীদের দখলে থাকার কথা স্বীকার করে বলেন, আমার পূর্ববর্তী চেয়ারম্যান ওই দোকানগুলো কোন মহিলাদেরকে বরাদ্দ দিয়ে গেছেন তা খোঁজ নিয়ে দেখতে হবে।

সাধুর বাজারে নির্মিত ‘ওমেন্স কর্নারে’ একমাত্র নারী ব্যবসায়ী টেইলারিং শপের মালিক পারুল বেগম বলেন, আমার জানা মতে সহিদা ও রুমা রানী পাল নামে আরো দুই নারী দোকানগুলো বরাদ্দ পান। কী কারণে তারা দোকানগুলো ব্যবহার করছেন না তা জানা নেই।

রুমা রানীর বাবা সাবেক মেম্বার নির্মল চন্দ্র পাল জানান, তার মেয়েকে দোকান বরাদ্দের জন্য নির্বাচিত করা হলেও পরবর্তীতে দোকান বুঝিয়ে দেয়া হয়নি। বর্তমানে তার কন্যা মাধবপুরে স্বামীর সাথে বসবাস করছেন।

সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের কার্যালয় গড়ে তোলার বিষয়ে জানতে চাইলে রাজিউড়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বলেন, ভবনটিতে আমরা দলীয় অফিস করেছি ১ হাজার টাকা ভাড়ার বিনিময়ে। তবে এই ভাড়া কে গ্রহণ করছেন তা বলতে রাজি হননি।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাকির সেকান্দর জানান, ভবনগুলো নির্মাণের পর স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটি দোকান বরাদ্দের ব্যাপারে ব্যবসা করতে আগ্রহী নারীদেরকে নির্বাচিত করেন। পরে নির্বাচিত নারীদের তালিকা সহকারি কমিশনারের (ভূমি) মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার কাছে পাঠানো হয়। উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত নারীদেরকে দোকান কোটা বরাদ্দ দেন। সাধুর বাজারের ওমেন্স সেন্টারটি বেদখল হওয়ার ব্যাপারে তিনি জানেন না বলে জানিয়ে বলেন, দোকান বরাদ্দ হয়ে থাকলে তা এক সময়ে দখলদারদের ছাড়তেই হবে।

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এটি এম আজহারুল ইসলাম কর্মস্থলে কিছুদিন হয়েছে দায়িত্ব গ্রহণ করেছেন, তাই বিষয়টি তিনি খোঁজ নেবেন বলে জানান।

এদিকে আজমিরিগঞ্জ উপজেলায় কাকাইলছেও বাজারে ‘ওমেন্স কর্নারটি’ কাকাইলছেও ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাবেক উপজেলা সভাপতি নূরুল হক ভূঁইয়া দখল করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলে বলেন নারীদের জন্য বরাদ্দ দেয়ার কথা থাকলে সেখানে পুরুষরা ব্যবসা করছেন।

উপজেলা প্রকৌশলী আব্দুল হান্নান বলেন, কাকাইলছেও ওমেন্স কর্নারটি স্থানীয় ইউপি চেয়ারম্যান দেখাশুনা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.