নিজস্ব প্রতিবেদক | ০৮ মার্চ, ২০১৭
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিকৃত করে ফেসবুকে স্ট্যাটার দেয়ার ঘটনায় সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাবেদুর রহমান এ সাধারণ ডায়েরি (২৭৫) করেন।
এতে তিনি উল্লেখ করেন, Al Salehi Saymon নামের একটি ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের একটি অংশ নিয়ে ব্যাঙ্গ করা হয়।
জাবেদুর রহমান জানান, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ জাতির অমূল্য সম্পদ আর এ ভাষণ বিকৃতির প্রতিবাদেই এ সাধারণ ডায়েরি নথিভূক্ত করি।
আল সালেহী সাইমন এর ফেসবুকে গেলে সেখানে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে করা স্ট্যাটাসটি পাওয়া না গেলেও পরবর্তী একটি স্ট্যাটাসে তাঁর অবস্থান পরিষ্কার করে দেয়া একটি স্ট্যাটাস পাওয়া যায়।
এ স্ট্যাটাস পোস্টে তিনি লিখেন, জাতির জনক'কে নিয়ে আমি কোন খারাপ মন্তব্য করিনি,,এবং এটা আমার দ্বারা সমীচীন ও নয়,,,অহেতুক পেঁচিয়ে রাজনীতি ছাপা থেকে বিরত থাকুন,,,আমার বলার উদ্দেশ্য ছিল দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে,,যা অনেকে জ্ঞানসীমার দৌরাত্ব সীমাবদ্ধ থাকায়,,ভূল বুঝে ভূল ব্যাখ্যা টেনে আমাকে বিপদে ফেলতে চাইছেন,,কিন্তু এই দুই লাইন ডায়লগের ভক্ত একজন বাঙালী হিসেবে আমিও,,,"
আবু সালেহী সাইমনের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া তথ্য অনুসারে আবুল সালেহী সাইমন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করা হয়েছে, এবং এই আইডির পরিচালনাকারিকে খুজতে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে।