Sylhet Today 24 PRINT

সিলেটে শেভরনের কর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০১৭

সিলেটের লাক্কাতুরায় জালালাবাদ গ্যাসক্ষেত্রের সামনে  মানববন্ধন করেছেন বহুজাতিক গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরণের বাংলাদেশি কর্মীরা।

বুধবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৭ মাস যাবত শেভরন বাংলাদেশ তার বাংলাদেশস্থ সম্পদ বিক্রয়ের প্রক্রিয়া শুরু করেছে। কোম্পানি বিক্রয়ের সংবাদে বর্তমানে এখানে কর্মরত প্রায় ৬০০ বাংলাদেশী নিয়মিত কর্মী এবং তাদের পরিবার-পরিজন নিদারুণ উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে। কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এমপ্লয়ী প্রতিনিধিরা শেভরন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে একটি সুষ্ঠু সমাধানের লক্ষে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় বাংলাদেশ শ্রম আইন মোতাবেক শেভরন কর্তৃপক্ষসহ অন্যান্য সংশ্লিষ্ট সরকারী কর্তৃপক্ষকে অবহিত করে, গ্যাস উৎপাদন ও সরবরাহ অব্যাহত রেখে 'শেভরন বাংলাদেশ এমপ্লয়ীজ ইউনিয়ন' এর ব্যানার বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে।

মানববন্ধনকারীরা বলেন, আমরা সবসময়ই বিশ্বাস করি আমাদের দায়িত্ব হলো কোন প্রকার বিঘ্ন ছাড়া অব্যাহতভাবে গ্যাস উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা। আমরা এ ধরনের অনিশ্চিত পরিস্থিতির মধ্যে থাকতে চাই না। আমরা আমাদের কাজে পরিপূর্ণভাবে মনোনিবেশ করতে চাই।

তারা আরো বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চাই যাতে আমরা এ সংকট থেকে উত্তরণ পেতে পারি এবং দেশের সেবায় নিজেদের পেশাগত দক্ষতাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.