Sylhet Today 24 PRINT

ফের আলো ঝলমলে রূপ পাচ্ছে ক্বীনব্রিজ

নিজস্ব প্রতিবেদক |  ১০ মার্চ, ২০১৭

ছবি ইন্টারনেট থেকে সংগৃহিত

সিলেটের ঐতিহ্যবাহী ক্বীনব্রিজ ফের আলোকিত করার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। ইতোমধ্যে এই প্রকল্পের কাজও প্রায় শেষ পর্যায়ে।

প্রায় এক মাসব্যাপী চলমান এই কাজের মাধ্যমে ক্বীনব্রিজকে কেন্দ্র করে নতুনভাবে স্থাপন করা হয়েছে ২০টি পুল। পুরনো ৩২টি পুল এবং নতুন ২০টি পুলের পাশাপাশি দুই গেটকে কেন্দ্র করে সবমিলিয়ে লাগানো হবে ৫৬টি এলইডি লাইট।

সিসিক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহেই কাজ শেষ হবে এবং অন্ধকার কাটিয়ে আলো ঝলমলে ক্বীনব্রিজের দেখা পাবেন নগরবাসী। সিলেট সিটি কর্পোরেশনের অর্থায়নে এই প্রথমবারের মতো এলইডি লাইট স্থাপন করা হচ্ছে।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, প্রতিদিন শতশত মানুষ ঐতিহ্যবাহী ক্বীনব্রিজ দেখতে আসেন। অনেকে বিকেলে ও সন্ধ্যায় এই এলাকায় ঘুরতে আসেন। কিন্তু রাতের বেলা ক্বীনব্রিজ এলাকায় আলো কম থাকায় এর সৌন্দর্য্য যেমন উপভোগ করা যায় না, ঠিক তেমনি পর্যাপ্ত আলো না থাকায় নিরাপত্তা ব্যবস্থাও কঠিন হয়ে দাঁড়ায়। সবকিছু বিবেচনায় নিয়ে ক্বীনব্রিজ এলাকার সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করছে সিলেট সিটি কর্পোরেশন।

পরবর্তীতে নদীর তীর সংলগ্ন এলাকায় আরও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে জানিয়ে এনামুল হাবীব উল্লেখ করেন, সার্কিট হাউসের সম্মুখস্থ নদীর তীর সংলগ্ন স্থান থেকে কোতয়ালী থানা পর্যন্ত নতুনভাবে পুল স্থাপন করে এলইডি লাইট লাগানো হবে। এজন্য টেন্ডারও সম্পন্ন করা হয়েছে। ক্বীনব্রিজ ও নদীর তীর এলাকার সৌন্দর্য যাতে বজায় থাকে সেজন্য নগরবাসীকেও সচেতন থাকার জন্য আহবান জানান তিনি।  

সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম জানান, প্রায় সাড়ে ১৬ লাখ টাকা ব্যয়ে বিগত প্রায় একমাস থেকে এই কাজ বাস্তবায়ন করছে আইএসডি নামক প্রতিষ্ঠান। টেন্ডারের অংশ হিসেবে তারা ৫৬টি এলইডি লাইট লাগানোর পাশাপাশি নতুনভাবে ২০টি পুলও স্থাপন করবে। লাইটগুলোর এক বছরের ওয়ারেন্টি সুবিধা আছে। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আগামী এক বছর  এই কাজের রক্ষনাবেক্ষনও করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.