Sylhet Today 24 PRINT

‘নদীর ছবি আঁকি’

হবিগঞ্জ প্রতিনিধি  |  ১০ মার্চ, ২০১৭

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস (১৪ মার্চ) উপলক্ষে বাপা হবিগঞ্জ, খোয়াই রিভার ওয়াটার কিপার ও ওয়াটার কির্পাস বাংলাদেশ এর আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বিকাল ৪টায় হবিগঞ্জের সাংস্কৃতিক পরিষদে ‘নদীর ছবি আঁকি’ বিষয়ের উপর ছবি আঁকে শিশু-কিশোররা। হবিগঞ্জ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্লে থেকে দশম শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শুরুর আগে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সহ-সভাপতি অধ্যাপক আবিদুর রহমানের সভাপতিত্বে নদী নিয়ে প্রবন্ধ পাঠ করেন খোয়াই রিভার ওয়াটার কিপার ও জেলা বাপা’র সাধারন সম্পাদক তোফাজ্জল সোহেল।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আরা বেগম, বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী আব্দুল মুমিন চৌধুরী বুলবুল, রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াইয়ের চার্টার প্রেসিডেন্ট ও বাপা যুগ্ম সম্পাদক ডাঃ এসএস আল আমিন সুমন, বাপা সদস্য মাহমুদ ইকবাল সুমন, নজরুল আলম চৌধুরী, মোক্তাদির হোসেন, সাংস্কৃতিক পরিষদের চারুকলা বিভাগের পরিচালক মোজাম্মেল হক বাবুল, প্রসেনজিৎ চৌধুরী শিবু, যিশু রায়, আশিষ আচার্য প্রমুখ।

খোয়াই রিভার ওয়াটার কিপার ও জেলা বাপা’র সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, আমাদের শহরাঞ্চলের শিশুরা বেড়ে উঠে প্রকৃতির সঙ্গে অনেকখানি সম্পর্কহীন অবস্থায়। বাংলাদেশের নদ-নদীর সাথে মানুষের যে প্রাণের সম্পর্ক, সেটিকে উপলব্ধি করানোর তাগিদ থেকে আমরা শিশুদেরকে নদীর ছবি আঁকতে উৎসাহিত করছি। আমরা আশা করি, এ ছবি আঁকার মাধ্যমে প্রকৃতির অসাধারণ সৃষ্টি নদী ও জলাশয়ের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.