Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ছাত্রলীগের সম্মেলন হচ্ছে না, সমঝোতার মাধ্যমে কমিটি আসছে

নিজস্ব প্রতিবেদক |  ১১ মার্চ, ২০১৭

আজ (শনিবার) সুনামগঞ্জ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এ নিয়ে গত কয়েকদিন ধরেই চলছিলো প্রস্তুতি। তবে শেষ মূহূর্তে এসে বাতিল করা হয়েছে জেলা ছাত্রলীগের সম্মেলন।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলন না করে চলতি মাসেই ঢাকা থেকে পুরাতন কমিটি ভেঙ্গে সমঝোতার মাধ্যমে একটি নতুন কমিটি ঘোষণা করা হবে।

জেলা আওয়ামী লীগের আভ্যন্তরীন কোন্দলের কারণে অপ্রীতিরকর ঘটনা এড়াতে ছাত্রলীগের আজকের সম্মেলন হচ্ছে না বলে জানা গেছে।

তবে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ  বলেন, ‘হাওরের ফসলরক্ষা বাধে ভাঙ্গন ও সুনামগঞ্জ-২ আসনের নির্বাচনের কারণে কেন্দ্র নির্ধারিত তারিখে সম্মেলন আয়োজন সম্ভব হয়নি।’

২০১০ সালে ফজলে রাব্বী স্মরণকে সভাপতি ও রফিক আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক করে ১০ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করে কেন্দ্র। পরবর্তীতে ২০১৪ সালে এ কমিটি পূর্ণাঙ্গ করা হয়।

উল্লেখ্য গত ১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগ ১১ মার্চ সম্মেলন করার জন্য লিখিত নির্দেশনা দিয়েছিল জেলা ছাত্রলীগকে। এর আগে গত বছর কমিটি স্থগিত করে সম্মেলনের শর্তে স্থগিতাদেশ তুলে নিয়েছিল ছাত্রলীগ। কিন্তু নির্ধারিত তারিখেও সম্মেলন করতে পারছে না জেলা ছাত্রলীগ। কোন্দলের কারণে বিভিন্ন উপজেলায়ও সম্মেলন করতে পারেনি।

ছাত্রলীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমান কমিটি সম্মেলন করবেনা কয়েকদিন আগেই কেন্দ্রীয় ছাত্রলীগ এই বিষয়টি অবগত হয়েছিল। এদিকে সম্মেলন না হওয়ার অজুহাত ঢাকা থেকে কমিটি ঘোষণার পথ তৈরি করে দেয় কেন্দ্রকে। ফলে একটি খসড়া কমিটি চূড়ান্ত করে কেন্দ্র। ফলে সম্মেলন না হলেও এক মাসের মধ্যেই ঢাকা থেকে নতুন কমিটি ঘোষণা হবে বলে জানা গেছে।

কেন্দ্রীয় ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল জানিয়েছেন আগামীকাল শনিবার সম্মেলন হচ্ছে না। জেলা কমিটি বিভিন্ন কারণ দেখিয়ে সম্মেলন করতে চাচ্ছে না। তাই এই মাসেই ঢাকা থেকেই নতুন কমিটি ঘোষণার কথা জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.