নিজস্ব প্রতিবেদক | ০২ মে, ২০১৫
অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর সময় দালালদের খপ্পড় থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১২ বাংলাদেশীকে উদ্ধার করেছে পুলিশ। এদর মধ্যে ৩ জন সিলেটের হবিগঞ্জ জেলার বাসিন্দা বলে জানায় পুলিশ। বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, শুক্রবার রাতে ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয় ।
উদ্ধাকৃতরা হলেন- রেজাউল করিম(১৮), মো. ইউনুছ(২৫), মো. হৃদয়(১৮), মো. শরাফত মিয়া(১৮), মো. ইয়াহইয়া(১৮), মো. জাবের(১৮), সাদ্দাম হোসেন(১৮), সুমন মিয়া(১৮), মোহন মিয়া(১৮), মো. ইউছুফ(২০) মো. জাহাঙ্গীর (১৮) ও এশারব হোসেন(১৯)।
এদের মধ্যে কক্সবাজার জেলার ৩ জন, হবিগঞ্জ জেলার ৩ জন, কিশোরগঞ্জের ২ জন, নরসিংদীর ২জন নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের চন্দনাইশের একজন করে বাসিন্দা রয়েছে।
পুলিশ জানায়, খুদুকখালী গ্রামের সৈয়দুল আলম ও সাজ্জাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। অবৈধভাবে মালয়েশিয়া পাচারের জন্য উদ্ধারকৃতদের কক্সবাজার, সিলেট ও নরসিংদীর বিভিন্ন এলাকা থেকে এনে জড়ো করা হয়েছিল।
সৈয়দুল আলম ও সাজ্জাদ হোসেনসহ আরও কয়েকজনকে আসামি করে মানব পাচার আইনে মামলা করা হয়েছে বলেও জানায় পুলিশ।