Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সাক্ষাত চান সফটওয়্যার আবিষ্কারক প্রতিবন্ধী বাহার

সিলেটটুডে ডেস্ক |  ১১ মার্চ, ২০১৭

উন্নত চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ ও প্রধানমন্ত্রীর সাক্ষাত চাইলেন কম্পিউটারের সফটওয়্যার আবিষ্কারক কানাইঘাট উপজেলার বানীগ্রামের প্রতিবন্ধী বাহার উদ্দিন।

শনিবার (১১ মার্চ) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ আকুতি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাহার উদ্দিন বলেন, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। ১৯৮৯ সালে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে সু চিকিৎসার অভাবে তার দুটি পা চিরতরে পঙ্গু হয়ে যায়। ১৯৯৯ সালে তিনি এসএসসি পাস করেন। তারপর হাত দুটোও আক্রান্ত হলে লেখাপড়ার ইতি টানতে হয় তাকে। পরবর্তীতে ঘরে বসে কম্পিউটার বিষয়ে তিনি লেখাপড়া করেন। এক পর্যায়ে তিনি নিজ বাড়িতে কুইক লাক কম্পিউটার একাডেমি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেন। তার এ প্রতিষ্ঠানে অনেকেই কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

তিনি আরো জানান, কম্পিউটারের বাংলা সফটওয়্যার মাহিনা বাহার সাকি-২০০৯ এবং মাল্টিমিডিয়া সফটওয়্যার মার্জিয়া বাহার আকি-২০১০ আবিষ্কার করেছেন। অসুস্থতার কারণে বর্তমানে তার ওই কম্পিউটার একাডেমিটি বন্ধ থাকায় তিনি পরিবার পরিজন নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন।

বাহার উদ্দিন বলেন, এ পর্যন্ত তিনি ৪২ জন ডাক্তারের কাছে চিকিৎসা গ্রহণ করেছেন। কিন্তু কোনো ফল না পেয়ে চিকিৎসার জন্য ভারতে যান। সেখানে ডাক্তার বলেছেন, তার দুই হাতে অপারেশন লাগবে। যা অত্যন্ত ব্যয়বহুল। আনুমানিক খরচ পড়বে চল্লিশ হাজার মার্কিন ডলার। আর অপারেশন না করালে তার দুটো হাত চিরতরে অচল হয়ে যাবে।

তিনি বলেন, এ চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পক্ষে সম্ভব নয়। ২০১৫ সালের ২৪ মার্চ প্রধানমন্ত্রী ১ লক্ষ টাকার চেক দিয়েছিলেন তার চিকিৎসার জন্য। যা দিয়ে তিনি ইতোমধ্যে চিকিৎসা করিয়েছেন।

সংবাদ সম্মেলনে বাহার উদ্দিন তার চিকিৎসা ব্যয়ের যাবতীয় ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর সাক্ষাত চেয়ে আবেদন জানিয়েছেন। এ ব্যাপারে তিনি সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.