Sylhet Today 24 PRINT

সিলেটে হাজারও দর্শক মাতালো আইয়ুব বাচ্চুর এলআরবি

নিজস্ব প্রতিবেদক |  ১২ মার্চ, ২০১৭

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সিলেটের দর্শকদের মাতিয়ে গেলেন দেশের প্রখ্যাত মিউজিশিয়ান এবং আন্তর্জাতিক মানের গিটারিস্ট আইয়ুব বাচ্চুর গানের দল এলআরবি।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় সিলেটের লিডিং ইউনিভার্সিটির ব্যান্ড দল অরফিয়াসের আয়োজনে নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের সিলেট সুইমিং ক্লাবে ‘টুয়ার্ডস হারমনি’ শীর্ষক কনসার্টে গান পরিবেশন করে এলআরবি।

কনসার্টে সন্ধ্যা ৬টায় প্রথমে মঞ্চে ওঠেন লিডিং ইউনিভার্সিটির ব্যান্ড সংগঠন অরফিয়াসের শিল্পীরা। তাদের দারুণ সব গানের পরিবেশনার পর রাত ৮টার দিকে মঞ্চে ওঠে এলআরবি। মঞ্চে এসেই আইয়ুব বাচ্চু তাঁর গিটারের জাদুতে মুগ্ধ করেন উপস্থিত হাজারো দর্শককে।

এসময় সিলেটের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইয়ুব বাচ্চু বলেন, সিলেটের দর্শকরা আমাকে ভালোবাসেন। তাই আপনাদের ডাকে সাড়া দিয়ে আমি বারবার এখানে চলে আসি। ভবিষ্যতেও এই ভালোবাসা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গিটারের জাদুর সাথে বাচ্চু গেয়ে শোনান সেই তুমি কেন এতো অচেনা হলে, রূপালি গিটার, কষ্ট পেতে ভালবাসি, মাধবি, ফেরারি মনের মত জনপ্রিয় সব গান। এভাবে একে একে রাত সাড়ে ১০টা পর্যন্ত গান গেয়ে হাজারও দর্শককে মুগ্ধ করে এলআরবি।

কনসার্ট শেষে অরফিয়াসের সভাপতি সাহনূর আলম দর্শকদের ধন্যবাদ জানান প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উপস্থিত থেকে আয়োজন সফল করার জন্য।

কনসার্টে দর্শকদের সুবিধার জন্য ছিলো ফ্রি ওয়াইফাই সুবিধা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিলো সিলেট মহানগর পুলিশ ও র‌্যাব-৯ এর নিরাপত্তা সদস্য এবং অরফিয়াসের স্বেচ্ছাসেবকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.