সিলেটটুডে ডেস্ক | ১২ মার্চ, ২০১৭
বহুল আলোচিত সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী ১১ এপ্রিল এই মামলার আপীলের রায়ের তারিখ ধার্য করেছে আদালত।
রবিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রাজন হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিপক্ষে আনা আপিলের শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন। এ বেঞ্চে ১৯ কার্যদিবস মামলাটির শুনানি হয় বলে সাংবাদিকদের জানান ডেপুটি এটর্নি জেনারেল জহিরুল হক জহির।
আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এসএম আবুল হোসেন, বেলায়েত হোসেন ও শহীদ উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, ২০১৫ সালের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকারীরা এ ঘটনা মোবাইলে ভিডিও করে তা ইন্টারনেটে প্রকাশ করে। পরে এ হত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার দেড় মাসের মধ্যে তদন্ত শেষ করে ১৬ অগাস্ট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।
হত্যার পরপরই গত বছর ১০ জুলাই সৌদি আরব পালিয়ে যান মূল অভিযুক্ত কামরুল। সেখানেই আটক করা হয় তাকে। গতবছর ১৫ অক্টোবর তাকে দেশে ফিরিয়ে এনে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
২০১৫ সালের ৮ নভেম্বর সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে শিশু রাজন হত্যার মূল হোতা কামরুল ইসলামসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন কামরুল, বাদল, ময়না মিয়া ও জাকির হোসেন পাভেল। এছাড়া নুর মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মুহিত, আলী হায়দার ও শামীমের ৭ বছর করে কারাদণ্ডাদেশ দেন আদালত। এই মামলার অপর আসামি রুহুল আমিন, আছমত ফিরোজ ও আয়াজ আলী খালাস পান।