সিলেটটুডে ডেস্ক | ১২ মার্চ, ২০১৭
সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) নগরীর তালতলাস্থ গুলশান সেন্টারে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, খালেদা-নিজামীরা এদেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে মানুষের ভোট ও ভাতের অধিকার ছিনিয়ে নিয়েছিলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মীকে বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজে মনোযোগ দিতে হবে। সিলেটে বিভাগীয় প্রতিনিধি সমাবেশ করে নেতাকর্মীদের আরো গতিশীল করতে হবে। সমাবেশ সফলের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে সিলেট বিভাগের ১৯টি আসন উপহার দেয়ার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, দলের কেন্দ্রীয় সদস্য, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে ২২ মার্চ সিলেট বিভাগীয় প্রতিনিধি সমাবেশের আয়োজন। সমাবেশ উপলক্ষে প্রচারণায় কেবলমাত্র বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার ছবি ও যিনি বিল বোর্ড দিবেন তার ছবি ব্যবহার করা যাবে। আগামী ২২ মার্চের সমাবেশের নামে কেউ চাঁদা দাবি করলে জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়। সভায় বিভাগীয় প্রতিনিধি সভা সফল করার লক্ষ্যে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা আহবান করার সিদ্ধান্ত নেয়া হয়। সভার শুরুতে জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, জেলা আওয়ামী লীগ নেতা সুয়েব চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা মখলিছুর রহমান কামরানের মাতার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব সিরাজুল ইসলাম, এডভোকেট রাজ উদ্দিন, জিএমজেড কয়েস গাজী, আব্দুল খালিক, ফয়জুর আনোয়ার আলাওর, অধ্যাপক জাকির হোসেন, বিজিত চৌধুরী, শফিউল আলম নাদেল, এটিএম হাসান জেবুল, এডভোকেট কিশোর কুমার কর, তপন মিত্র, এডভোকেট শামসুল ইসলাম, ফাহিম আনোয়ার চৌধুরী, আব্দুর রহমান জামিল, আজাদুর রহমান আজাদ, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, জুবের খান, প্রিন্স সদরুজ্জামান, আজহার উদ্দিন জাহাঙ্গীর, দিবাকর ধর রাম, ডা. মিফতাহুল হোসেন সুইট, শাহানারা বেগম, আছমা কামরান, গোলাম সুবহান চৌধুরী দিপক, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট জুনেল আহমদ, নজমুল ইসলাম এহিয়া, আব্দুল মুকিত, জামাল আহমদ চৌধুরী, জাফর আহমদ চৌধুরী, আজম খান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, প্রদীপ পুরকাস্ত, এডভোকেট বিলাল উদ্দিন, মুশফিক জায়গীরদার প্রমুখ।