নিজস্ব প্রতিবেদক | ১২ মার্চ, ২০১৭
সিলেটে অপহৃত শিশু নিয়ামুল ইসলাম রিফাতকে (৫) লালমনিরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টায় শিশুটিকে উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রিফাত সিলেটের শামীমাবাদ কানিশাইল এলাকার নেছার আহমদের ছেলে।
গত শুক্রবার সন্ধ্যায় (১০ মার্চ) বাসা থেকে অপহৃত হয় রিফাত। এরপর থেকে রিফাতের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল অপহরণকারীরা।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, প্রযুক্তি ব্যবহার করে লালমনিরহাট কোতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
তিনি আরও জানান, শিশুটি অপহৃত হওয়ার পর বাবা নেছার আহমদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। ছেলেটির বাবা সিলেট গণপূর্ত বিভাগের প্রথম শ্রেণির ঠিকাদার। তার সেঙ্গ গণপূর্ত বিভাগের কোনও কাজ নিয়ে বিরোধ আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।