Sylhet Today 24 PRINT

এ বিজয় নগরবাসীর : মেয়র পদ ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় আরিফ

নিজস্ব প্রতিবেদক |  ১৩ মার্চ, ২০১৭

হাইকোর্টের আদেশে মেয়র পদ ফিরে পাওয়া আরিফুল হক চৌধুরী বলেছেন, এ বিজয় নগরবাসীর। সরকারের সদিচ্ছা থাকলে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে সিলেটের উন্নয়নে কাজ করবো।

সোমবার (১৩ মার্চ) দুপুরে নিজ বাসায় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানানো প্রতিক্রিয়ায় একথা বলেন আরিফ।

আরিফ বলেন, আমি নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা দুঃসময়ে আমার পাশে ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, এই বিজয় নগরবাসীর অবদান। আমি তাদের উন্নয়নের লক্ষে কাজ করে যাবো।

এর আগে সোমবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। আরিফুল হকের মেয়র হিসেবে দায়িত্ব পালনে আর কোন বাধা নেই বলে আদেশে জানান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খান হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জের একটি আদালত আরিফুল হক চৌধুরীকে কারাগারে প্রেরণ করেন। এরপর ২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ৪ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া হত্যাসহ চার মামলায় জামিন পান আরিফুল হক চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.