সিলেটটুডে ডেস্ক | ১৩ মার্চ, ২০১৭
সিলেট নগরীর উপশহরে যুবলীগ নেতাকে চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও মামলা দিয়ে নির্যাতনের অভিযোগ করেছেন এক নারী উদ্যোক্তা।
সোমবার (১৩ মার্চ) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শাহজালাল উপশহর এলাকার শামীম ইকবালের বিরুদ্ধে এ অভিযোগ করেন একই এলাকার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী রুমা বেগম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপশহরের ই ব্লকে ওয়ান টু হান্ড্রেড প্লাস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে পাঁচ সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। আওয়ামী লীগ ও যুবলীগ নামধারী শামীম ইকবাল তাঁর দোকানে গিয়ে বিশ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় দলবল নিয়ে দোকানে হামলা ও ভাঙচুর চালায় এবং দোকানে বসা তার ছেলে ও কর্মচারীকে মারধর করে ক্যাশের টাকা লুট করে নিয়ে যায়। এরপর বাসায় গিয়ে ২০ হাজার টাকা দিতে তাকে চাপ প্রয়োগ করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে উপশহরে বসবাস ও ব্যবসা করতে দেবেন না এবং প্রাণনাশেরও হুমকিও দেয়া হয় তাঁকে।
রুমা বেগম বলেন, ঘটনাটি উপশহরের ব্যবসায়ীদের জানালে কোনোরূপ প্রতিকার না পেয়ে জানমালের নিরাপত্তা চেয়ে শাহপরান থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন। যার নং ৬১৫। এতে শামীম ইকবাল আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং জনৈক কাউসার আহমদকে দিয়ে তার এসএসসি ও এইচএসসি পড়ুয়া সন্তানদের আসামি করে মিথ্যা মামলা দায়ের করান। মামলা নং ১৫/৩৫৩। পাশাপাশি তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপপ্রচার চালিয়ে প্রশাসনের কিছু দপ্তরে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
শামীম ইকবালের সন্ত্রাসী কার্যক্রম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিষয়ে ইতোমধ্যে তিনি সিলেটের আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে অবহিত করেছেন।
রুমা বেগম আরো বলেন, একজন নারী উদ্যোক্তা হিসেবে সন্ত্রাসীদের চাঁদাবাজি ও হুমকিতে ব্যবসা পরিচালনা করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে তার সন্তানদের লেখাপড়াসহ ভরণপোষণে ব্যাঘাত ঘটছে। এ ব্যাপারে তিনি পুলিশ কমিশনার ও শাহপরান থানায় লিখিত অভিযোগ প্রদান করেন। কিন্তু শাহপরান থানায় তার অভিযোগ আমলে না নিয়ে শামীম ইকবালের মদদে তার এবং তার সন্তানদের বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগগুলো আমলে নিচ্ছে।
তিনি বলেন, শামীম ইকবালের মদদে আব্দুল্লাহ আল মামুনকে দিয়ে ৭ মার্চ উপশহরে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলায় তার ছেলেকে ছাত্রদল নামধারীদের সাথে আসামি হিসেবে জুড়ে দেয়া হয়েছে। পাশাপাশি জনৈক কাউসার আহমদকে দিয়ে তার পুত্র তাহমিদকে প্রধান আসামি করে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। এসব মিথ্যা মামলায় হয়রানি ও প্রাণনাশের হুমকিতে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শামীম ইকবালের বিরুদ্ধে যুবলীগের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও অন্যের বাড়িদখলসহ নানা অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে রুমা বেগম শামীম ইকবাল বাহিনীর কবল থেকে রক্ষায় ও জানমালের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে তার সন্তানেরাও উপস্থিত ছিলেন।